মসজিদের বাইরেই বন্দুকবাজের হানা, গুলিতে নিহত ৫ফের আমেরিকায় বন্দুকবাজের হানা। এবার গুলি চলল ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোর ইসলামিক সেন্টারের বাইরে। দুই কিশোর বন্দুকধারী এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। বন্দুকধারীদের গুলিতে একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি, মৃত্যু হয়েছে হামলাকারীদেরও। ফলে এই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫।
পুলিশ সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো কাউন্টির বৃহত্তম ইসলামিক কেন্দ্রের বাইরে দুই কিশোর বন্দুকধারী এই হামলা চালায়। এরপর কাছের একটি রাস্তায় এসে গুলি চালিয়ে আত্মঘাতী হয় দু'জন। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত হামলাকারীদের একজনের বয়স ১৭ ও অপরজনের বয়স ১৯ বছর।
মার্কিন FBI ও স্থানীয় পুলিশ ঘটনাটিকে প্রাথমিক ভাবে মুসলিম সম্প্রদায়ের উপর বিদ্বেষমূলক হামলা বলে মনে করছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। আততায়ী দু'জন কোন জায়গা থেকে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, সোমবার দুপুর ১২টার একটু আগে (মার্কিন সময়) মসজিদ চত্বরে যথেষ্ট পরিমাণে লোক ছিল। এমন কি চত্বরে বেশ কিছু ছোট ছেলেমেয়ে পড়াশোনাও করছিল। সেই সময় আচমকা হামলা করা হয়। হঠাৎ গুলির শব্দে প্রাঙ্গণের ভেতরে থাকা মানুষ ও স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার পরপরই বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মসজিদ চত্বরের ভেতরে থাকা ছাত্রছাত্রীদের দ্রুত বাইরে বের করে আনা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে কোনও শিশুই আহত বা জখম হয়নি। সকলে নিরাপদ রয়েছে। তবে এক সিকিউরিটি কর্মী-সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, একজন মালিও জখম হয়েছেন বলে জানা গিয়েছে।