থাইল্যান্ডে আসছে ৫ হাজার মার্কিন সেনা, তার আগে হঠাৎ যৌনকর্মীদের ধরপাকড়

থাইল্যান্ডে সরকারিভাবে দেহব্যবসা বেআইনি। প্রকাশ্যে খদ্দের ডাকা, পতিতালয় চালানো এবং যৌন ব্যবসা থেকে উপার্জনের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য আইনও রয়েছে। কিন্তু বাস্তবে দেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে পাটায়ায়, যৌন ব্যবসা দীর্ঘদিন ধরেই ব্যাপকভাবে চলে আসছে।

Advertisement
থাইল্যান্ডে আসছে ৫ হাজার মার্কিন সেনা, তার আগে হঠাৎ যৌনকর্মীদের ধরপাকড়প্রতীকী ছবি
হাইলাইটস
  • দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার কারণে জাহাজটির ক্রুদের মধ্যে অসন্তোষের খবরও সামনে এসেছে
  • ক্রু সদস্যরা মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, খারাপ সুযোগ-সুবিধা, অতিরিক্ত কাজের চাপ এবং দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে অভিযোগ করেছিলেন

থাইল্যান্ডের শহর পাটায়া বিনোদন নগরী হিসাবে গোটা বিশ্বে পরিচিত। সেখানে যৌনকর্মীদের ধরপাকড় শুরু করল প্রশাসন। কারণ, নৌবাহিনীর বিমানবাহী রণতরী 'USS আব্রাহাম লিঙ্কন' পাটায়ার কাছে নোঙর ফেলবে। ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে থাকার পর এই যুদ্ধজাহাজটি থাইল্যান্ডে পৌঁছচ্ছে। সঙ্গে আছে প্রায় ৫,০০০ আমেরিকান নৌসেনা, মেরিন এবং পাইলট। 

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা সামরিক অভিযানে সহায়তা করার পর আগামী ২ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা পাটায়ার কাছে পৌঁছবেন। থাইল্যান্ডের পাটায়া শহর রাজধানী ব্যাঙ্কক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সমুদ্রসৈকত, নৈশজীবন, বিনোদন, পর্যটন এবং ক্লাবের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই শহরে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক আসেন। পাটায়ার ওয়াকিং স্ট্রিট এবং তার আশপাশের বিনোদন এলাকাও বিশেষভাবে জনপ্রিয়।

সেনা আসার আগেই পুলিশের অভিযান

থাইল্যান্ডে সরকারিভাবে দেহব্যবসা বেআইনি। প্রকাশ্যে খদ্দের ডাকা, পতিতালয় চালানো এবং যৌন ব্যবসা থেকে উপার্জনের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য আইনও রয়েছে। কিন্তু বাস্তবে দেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে পাটায়ায়, যৌন ব্যবসা দীর্ঘদিন ধরেই ব্যাপকভাবে চলে আসছে।

আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI-ও একসময় পাটায়াকে বিশ্বের অন্যতম প্রধান যৌন পর্যটনকেন্দ্র হিসেবে উল্লেখ করেছিল। তবে আমেরিকার রণতরী এবং প্রায় ৫,০০০ সার্ভিস মেম্বারের আগমনকে সামনে রেখে এবার পাটায়া প্রশাসন ও পুলিশ যৌন ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

থাই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শহরজুড়ে অভিযান চালিয়ে যৌন ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। ২৯ অগাস্ট পাটায়া বিচে পুলিশের একটি অভিযানে রাস্তায় খদ্দের ধরার অভিযোগে অন্তত ২৫ জন মহিলাকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৮ জন থাইল্যান্ডের, পাঁচ জন লাওসের এবং দু'জন উগান্ডার নাগরিক বলে জানা যায়। পাটায়া পুলিশের প্রধান অ্যানেক স্রাথংইউ জানিয়েছেন, আইন প্রয়োগ করা কঠিন। কারণ যৌনকর্মীরা অনেক সময় পুলিশের নজর এড়িয়ে প্রকাশ্য জায়গায় সম্ভাব্য খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Advertisement

২৫০ দিনের বেশি সমুদ্রে USS আব্রাহাম লিঙ্কন

'USS আব্রাহাম লিঙ্কন' গত বছর নভেম্বর মাসে আমেরিকার পশ্চিম উপকূলের সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল। এরপর ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করতে রণতরীটি ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটিয়েছে।

দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার কারণে জাহাজটির ক্রুদের মধ্যে অসন্তোষের খবরও সামনে এসেছে। ক্রু সদস্যরা মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, খারাপ সুযোগ-সুবিধা, অতিরিক্ত কাজের চাপ এবং দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে অভিযোগ করেছিলেন। এমনকী আত্মহত্যার চেষ্টার ঘটনাও সামনে এসেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবার 'USS আব্রাহাম লিঙ্কন'এর পাটায়ার কাছে ল্যাম চাবাং বন্দরে থামার কথা। এর ফলে দীর্ঘদিন সমুদ্রে থাকা প্রায় ৫,০০০ নাবিক, মেরিন এবং পাইলট কিছুটা সময় স্থলভাগে কাটানোর সুযোগ পাবেন।

US সেনাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

থাই সংবাদমাধ্যম Thai PBS-এর রিপোর্ট অনুযায়ী, ৩১ অগাস্ট পাটায়া সিটি হলে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং মার্কিন সেনাবাহিনীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে ২ সেপ্টেম্বর থেকে পাটায়ায় আসতে শুরু করা প্রায় ৫,০০০ নাবিক ও মেরিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সার্ভিস মেম্বারদের ক্যানাবিস বিক্রির দোকান, মাদক সংক্রান্ত দোকান এবং কিছু জলক্রীড়া কেন্দ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তাঁরা পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে যেতে পারবেন। তবে রাত ২টার পর বিয়ার বার বা অন্যান্য নৈশজীবনের জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদেরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। Thai PBS-এর রিপোর্ট অনুযায়ী, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে সেনাদের কোনও ধরনের বাণিজ্যিক যৌন পরিষেবা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের যৌন শোষণের সঙ্গে যুক্ত পরিষেবার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সেনাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া বা তাঁদের সুযোগ নেওয়ার বিরুদ্ধেও ব্যবসায়ীদের সতর্ক করেছে প্রশাসন।

কীভাবে গড়ে উঠল পাটায়ার যৌন পর্যটন?

থাইল্যান্ডের উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত পাটায়া একসময় ছিল ছোট্ট একটি মৎস্যজীবী গ্রাম। পরে পর্যটনকেন্দ্র হিসেবে এর দ্রুত বিকাশ ঘটে। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সেনাদের ছুটি কাটাতে পাটায়ায় আসা শহরটির পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সময়ের সঙ্গে পাটায়া আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে। নৈশজীবন ও যৌন পর্যটনের জন্যও শহরটির আলাদা পরিচিতি তৈরি হয়।

এখন প্রায় ৫,০০০ মার্কিন সেনার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা ফের আশাবাদী। দীর্ঘদিন ধরে পর্যটন ব্যবসায় মন্দা চলায় তাঁদের আশা, মার্কিন সেনাদের উপস্থিতিতে হোটেল, রেস্তোরাঁ, বার, বিনোদন এবং অন্যান্য পর্যটন ব্যবসায় নতুন করে অর্থের প্রবাহ তৈরি হবে।

 যৌনরোগ ছড়ানোর আশঙ্কা

মার্কিন সেনাদের আগমনকে ঘিরে উদ্বেগও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পর্যটকের সংখ্যা এবং যৌন পরিষেবার চাহিদা বাড়লে বেআইনি যৌন ব্যবসা আরও সক্রিয় হতে পারে। Bangkok University-এর School of Humanities and Tourism Management-এর সহযোগী অধ্যাপক পিপাটপং ফাকফেয়ার Bangkok Post-কে জানিয়েছেন, বিপুল সংখ্যক খদ্দের আসার ফলে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বাড়তে পারে। তাঁর মতে, যৌন সংক্রমিত রোগ বা STD ছড়ানোর সম্ভাবনাও তৈরি হতে পারে।

এই পরিস্থিতিতে পাটায়া পুলিশ সমুদ্রসৈকত এবং নৈশজীবনকেন্দ্রিক এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে। যৌন ব্যবসার নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানও জোরদার করা হয়েছে।
 

POST A COMMENT
Advertisement