যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি শেষের পথে?Iran USA War News: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি শেষের পথে? হঠাৎ স্বস্তির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলি এবং ইরানের অনুরোধে তাঁর মন নরম হয়েছে। সপ্তাহান্তে ইরানের উপর বড় মার্কিন হামলার পরিকল্পনা ছিল(US Iran War)। তা 'সাময়িকভাবে' স্থগিত করেছেন। ট্রাম্পের দাবি, পাঁচ মাস ধরে যুদ্ধ চলছে। তার অবসান ঘটাতে একটি চুক্তির শর্তাবলীতে সমঝোতায় এসেছে দুই দেশ। তিনি 'ট্রুথ সোশ্যালে' লিখেছেন, বর্তমান চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও অবাধভাবে খুলে দেওয়ার শর্ত রয়েছে। সেই সঙ্গে ইরান যেন আর পারমাণু হামলার হুমকি না দেয়, সেই শর্তও থাকবে।
তবে, তিনি একথাও স্পষ্ট জানিয়েছেন যে, চুক্তিটি দ্রুত চূড়ান্ত হলে তবেই মার্কিন হামলা বন্ধ থাকবে। তিনি লিখেছেন, 'ইরান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলা বন্ধের অনুরোধ করেছে এবং একটি চুক্তির জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে সম্মতি হয়েছে। বিশ্বের ভবিষ্যৎ এবং একটি সমৃদ্ধ ইরানের অস্তিত্বের স্বার্থে, আমি এই শর্তে হামলা বাতিল করতে সম্মত হয়েছি যে, চুক্তিটি দ্রুত চূড়ান্ত করতে হবে।'
ইজরায়েলকে রাজি করানোরও দাবি(Iran Israel News)
ট্রাম্পের মতে, পাঁচ মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি চলছে। তাতে ইজরায়েলও সহযোগিতা করতে সম্মত হয়েছে। তবে, ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে যেকোনো 'দুঃসাহসিক পদক্ষেপের' বিরুদ্ধে সতর্ক করেছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মাথাদের সঙ্গে সম্প্রতি ফোনালাপ করেছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, কোনও মার্কিন বা ইজরায়েলি হামলার ঘটনা ঘটলে ইরানও একইভাবে পাল্টা জবাব দেবে।
এদিকে, হোয়াইট হাউজ সূত্রে খবর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ইরান সম্পর্কিত মার্কিন পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন। ইরান ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যমের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পেট্রোলিয়াম পরিকাঠামোয় হামলা চালায়, সেক্ষেত্রে ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও একই জবাব দেবে। সেই দেশগুলির তেলের খনি এবং কাতার ও ইজরায়েলের গ্যাসের খনিতে হামলা চালাবে।
ট্রাম্পের দাবি নিঃসন্দেহে বেশ আশাব্যাঞ্জক। তবে কোনও শান্তি চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ বিষয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই।