ইরান নিয়ে হুমকি ট্রাম্পের (Alex Brandon/Pool via REUTERS)ফের ইরান নিয়ে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি দাবি করেছেন, যে দেশ ইরানকে কোনও ধরনের আর্থিক বা লজিস্টিক সাহায্য করবে, তাদের ‘ভয়ঙ্কর অর্থনৈতিক পরিণতি’-র মুখে পড়তে হবে। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বিষয়টা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। সেই পোস্টে তিনি জানান, আমেরিকা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধে নামতে চলেছে। তারা ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার অভিযান শুরু করবে। একইসঙ্গে আমেরিকার বন্ধু দেশগুলিকে তেহরানকে আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করার আহ্বান জানান তিনি।
ইরানকে সাহায্য করলেই...
ট্রাম্প বলেন, 'কোনও দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে কোনও ধরনের লাইফলাইন বা সহায়তা দেওয়ার অনুমতি দিলে, সেই দেশকেও ভয়ঙ্কর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।'
তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টা এখনও খোলসা করেননি ট্রাম্প। বিষয়টা নিয়ে ধোঁয়াশা রেখেছেন তিনি।
ইরানের সঙ্গে তেল সরবরাহ, আর্থিক সোয়াপ ব্যবস্থা, নগদ অর্থ লেনদেন, এক্সচেঞ্জ হাউজ, জাহাজের রেজিস্ট্রি এবং ভুয়ো বা ফ্রন্ট কোম্পানির মাধ্যমে লেনদেনের বিরুদ্ধেও সতর্ক করেছেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, ইরানকে ডিল করার একাধিক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগায়নি।
মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'আমার চেয়ে বেশি সুযোগ ইরানকে আর কেউ দেয়নি চুক্তি করার জন্য।' তাঁর দাবি, তেহরান সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতিতে ইরানকে তিনি বিচ্ছিন্ন করতে চাইছেন। একইসঙ্গে আমেরিকার বন্ধুদেরও ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফের পরমাণু অস্ত্র নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের
নিজের পোস্টে ইরানের সামরিক ক্ষমতা নিয়েও বিরাট দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে। এয়ারফোর্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এমনকী সামরিক কারখানাগুলির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অর্থনীতি বিরাট চাপের মধ্যে রয়েছে। শেষে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান ফের স্পষ্ট করেন ট্রাম্প। তাঁর বার্তা, 'ইরান কখনও পরমাণু অস্ত্র পাবে না।'