প্রতীকী ছবি ইরাকে ভেঙে পড়ল আমেরিকার ট্যাঙ্কার বিমান। যার জেরে ৪ ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। ২ জনের খোঁজে তল্লাশি চলছে। এই তথ্য নিশ্চিত করেছে আমেরিকা প্রশাসন।
মার্কিন সেনাবাহিনীর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি ছিল একটি Boeing KC-135 Stratotanker। এই বিমানটি আকাশে একটি যুদ্ধবিমান। অন্য সামরিক বিমানে জ্বালানি সরবরাহ করার জন্ওয ব্যবহৃত হয়। যে কোনও যুদ্ধের সময় এই বিমানের গুরুত্ব তাৎপর্যপূর্ণ।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ১২ মার্চ পশ্চিম ইরাকে এই KC-135 বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি শত্রু হামলা বা নিজের বাহিনীর ভুল গুলির কারণে নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুটি বিমান ছিল অভিযানে
আমেরিকার সেনা সূত্রে খবর, ওই অভিযানে মোট দুটি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকের আকাশে দুর্ঘটনার কবলে পড়ে।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি বন্ধু রাষ্ট্রের আকাশসীমায় ঘটেছে এবং এটি মার্কিন সামরিক অভিযানের অংশ ছিল। বর্তমানে উদ্ধারকাজ চলছে।
দায় স্বীকার ইরানপন্থী গোষ্ঠীর
যদিও ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির একটি জোট দাবি করেছে তারা এই বিমান ধ্বংস করেছে। তাদের দাবি, দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে।
তবে মার্কিন সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী শত্রুপক্ষের হামলার কারণে বিমানটি ভেঙে পড়েনি।
যুদ্ধের মাঝে একাধিক দুর্ঘটনা
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সময় এটি চতুর্থ বিমান দুর্ঘটনা। এর আগে গত সপ্তাহে তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছিল। সেগুলি ছিল F-15E Strike Eagle যুদ্ধবিমান। ওই বিমানে থাকা ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়।
সংঘাতে বাড়ছে মার্কিন ক্ষয়ক্ষতি
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। কুয়েতে একটি বেসামরিক বন্দরে ইরানি ড্রোন হামলায় ৬ জন সেনা নিহত হন। আর এক সেনা আহত হওয়ার পর মারা যান সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলার ঘটনায়।
মার্কিন প্রতিরক্ষা দফতর ইরান-আমেরিকা যুদ্ধ নিয়ে জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৮ জন গুরুতর জখম।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত সেনাদের পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।