রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যে ভারতকে স্বস্তি দিল আমেরিকারাশিয়ার থেকে তেল কেনার জন্য ফের বিপাকে পড়তে চলেছিল ভারত। নয়াদিল্লির উপরও ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প, ক্রমশই জোরদার হচ্ছিল এই জল্পনা। তবে বুধবার (ভারতীয় সময়) এল স্বস্তির বার্তা। ভারতের উপর অন্তত আর চাপছে না ৫০০ শতাংশ শুল্ক। বরং সেই শুল্ক হতে পারে সর্বোচ্চ ১০০ শতাংশ।
মঙ্গলবার (মার্কিন সময়) রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি সংশোধিত বিল মার্কিন সেনেটে পেশ করা হয়, যেখানে রাশিয়ার তেল ও গ্যাস কেনার কারণে ভারত ও চিনের মতো তৃতীয় পক্ষের দেশগুলোর উপর আরোপের প্রস্তাবিত শুল্কের হুমকি কমিয়ে আনা হয়েছে। জানা গিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষই এই সংশোধিত বিলটিকে সমর্থন জানিয়েছে।
সংশোধিত এই বিলটির লক্ষ্য হল, রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে রুশ কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা। তবে সুখবর হল, সর্বশেষ সংস্কারে বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি প্রেসিডেন্ট মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, তবে তিনি তা করতে পারেন।
আগের খসড়ায় বলা হয়েছিল রাশিয়া থেকে তেল আমদানি করা সব দেশের বিরুদ্ধেই এই শুল্ক চাপানো হবে। যা ছিল ৫০০ শতাংশ। কিন্তু নতুন খসড়া প্রস্তাবে বলা হয়েছে, রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসে আমদানি করা তালিকার শীর্ষে থাকা ৫টি দেশের উপরেই সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক লাগু হবে। বিশেষ বিষয় হল, চিনের পাশাপাশি ভারতও বিশ্বের অন্যতম বৃহত্তম রুশ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ।