ট্রাম্পের গলায় ফের যুদ্ধের হুঙ্কারআমেরিকা ও ইরান যুদ্ধ শুরু হওয়ার পর পেরিয়ে গিয়েছে দুই মাসেরও বেশি সময়। গত কয়েক সপ্তাহ ধরে একাধিক শান্তি বৈঠকের পরেও কোনও সমঝোতায় পৌঁছায়নি দুই দেশ। ইরান এমন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে প্রথমে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী খুলে দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে আমেরিকাকে। পাশাপাশি পারমাণবিক বিষয়টি নিয়ে পরে আলোচনা করার শর্তও দেওয়া হয়েছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট হননি। গতকালই সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি। এরমধ্যেই ফের একবার ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
তবে ফের হামলার হুমকি দিয়েও ট্রাম্প আবার আলোচনার পথও খোলা রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের পাঠানো প্রস্তাব পুনর্বিবেচনা করবেন। হামলার হুমকি প্রসঙ্গে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ ইরানি আধিকারিক দাবি করেছেন, ইরান একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাবে তিনটি মূল বিষয় ছিল:
প্রথমত, যুদ্ধ শেষ করতে হবে ও আমেরিকা ও ইজরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর হামলা চালাবে না।
দ্বিতীয়ত, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং আমেরিকা অবরোধ তুলে নেবে।
তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পারমাণবিক বিষয় নিয়ে এখন কোনও আলোচনা হবে না। এই বিষয়টি পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হবে। পরিস্থিতির উন্নতি হলে, পারমাণবিক কর্মসূচির ওপর থেকে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে। সেই আলোচনায়, ইরান চাইছে আমেরিকা যেন স্বীকার করে নেয় যে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের থাকবে।
প্রস্তাব সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কী দাবি?
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। ওরা একটি চুক্তি করতে চায়। তবে ওরা এখন বিধ্বস্ত। তাঁরা জানে না তাঁদের নেতা কে, খামেনেইও নেই।" তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করবেন।"
সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তাঁদের পাঠানো এই প্রস্তাব আমাকে সন্তুষ্ট করছে না।”