ইরানের নতুন প্রস্তাবে না ডোনাল্ড ট্রাম্পেরমধ্যপ্রাচ্যে অশান্তি কম হওয়ার কোনও লক্ষ্মণ নেই। বরং বলা চলে ইরান ও আমেরিকার একের পর এক ওজর আপত্তির জেরে হরমুজ এলাকায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এবার ইরানের পাঠানো নতুন প্রস্তাবে 'না' জানিয়ে পরিস্থিতি আরও একবার খারাপ করে তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করে শুক্রবার ট্রাম্প বলেন, "তেহরান যে প্রস্তাবগুলো পাঠিয়েছে তাতে আমি খুশি নই, কারণ আলোচনা দীর্ঘায়িত হচ্ছে।" হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, "যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।"
সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তাঁদের পাঠানো এই প্রস্তাব আমাকে সন্তুষ্ট করছে না।” তবে ইরানের প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলি তিনি মানতে নারাজ বা কোথায় তাঁর আপত্তি রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে, ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে মধ্যস্থতাকারীদের কাছে আলোচনার জন্য নিজেদের সাম্প্রতিক প্রস্তাব জমা দিয়েছে। রিপোর্ট মোতাবেক, পাকিস্তান সেই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমেরিকার কাছে পাঠিয়েও দেয়। আর তারপরেই এই বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গত সপ্তাহে ইসলামাবাদে ইরান ও আমেরিকার শান্তি আলোচনা না হলেও উভয়পক্ষের মধ্যে ফোনে বার্তালাপ চালু রয়েছে। ট্রাম্প ইরানের নেতৃত্বের উপর রীতিমতো বীতশ্রদ্ধ ভাব প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, “ওদের নেতৃত্ব অত্যন্ত বিচ্ছিন্ন এবং বিভ্রান্ত।”
সংবাদ সংস্থার তরফে রিপোর্টে বলা হয়েছিল, ইরানের এই নতুন প্রস্তাব ইরান-ইসরায়েল সংঘাতের অচলাবস্থা কাটাতে সহায়ক হতে পারত। যদিও প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি। প্রস্তাবের খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেও গিয়েছিল। কিন্তু ফের ডোনাল্ড ট্রাম্প বেঁকে বসাতে পুরো বিষয়টিই আবার যেই তিমিরে ছিল, সেই তিমিরেই ফিরে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।