শীঘ্রই হু হু করে কমবে তেলের দাম?অপরিশোধিত তেলের দাম ঘিরে সারা বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ আগামীদিনে জ্বালানির দাম আরও বৃদ্ধি হতে পারে শঙ্কাও প্রকাশ করে রেখেছেন। এমনকি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ঢেউও দেখা যেতে পারে বলে ভীত রয়েছেন বহু মানুষ। তবে ডোনাল্ড ট্রাম্পের মুখে আশ্বাসবাণী। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন তেলের দামে শীঘ্রই ধস নামবে। এবার ট্রাম্পের একটি নতুন বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে।
কী এমন বললেন ডোনাল্ড ট্রাম্প?
শনিবার (মার্কিন সময়) প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইরান শান্তি চুক্তির কাছাকাছি রয়েছে। তিনি ইঙ্গিত দেন, রবিবারেই একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ডোনাল্ড ট্রাম্পের দাবি মতো, এমন ঘটনা ঘটলে নিঃসন্দেহে কমবে তেলের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে রয়েছে।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প অপরিশোধিত তেলের দাম দ্রুত কমে যাওয়ার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, তেলের দামে শীঘ্রই ধস নামবে। তিনি দাবি করেন, যে কারণে তেলের দাম আকাশছোঁয়া, সেই ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হবে।
ট্রাম্প বলেন, "তেহরান আমাদের সঙ্গে চুক্তি করতে মরিয়া। সেখানে তেলের বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে। যদি এই চুক্তি হয়, তবে শীঘ্রই বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমে যাবে। আপনারা শীঘ্রই তেলের দামে বড় পতন দেখতে পাবেন।"
আশার আলো দেখছে বিশ্ব
অপরিশোধিত তেলের দাম এখনও ১০০ ডলারের উপরে থাকায় সঙ্কটে পড়েছে বিশ্বের বহু দেশ। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে ব্রিটেন ও ভারতেও জ্বালানির দাম বাড়ছে। খোদ আমেরিকায় তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। তবে ট্রাম্পের আশ্বাসবাণী সত্যি হলে অপরিশোধিত তেলের সঙ্গে সঙ্গে সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেলের দামও।