আমেরিকাকে হুঙ্কার ইরানেরমধ্যপ্রাচ্যে যুদ্ধ শান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং উত্তরোত্তর তা আরও বাড়তে পারে। ইরানি নেতার নতুন বার্তার পর যেন এই আশঙ্কাই যেন আরও বৃদ্ধি পাচ্ছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এবার ইরান স্পষ্ট করে জানাল, বর্তমানে আমেরিকার সঙ্গে কোনও ধরণের আলাপ-আলোচনার জন্য তারা রাজি না।
ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম এলাহি সম্প্রতি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার প্রশ্নই ওঠে না। যদি পরিস্থিতি একইরকম থাকে, তবে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি হতেও প্রস্তুত। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এলাহি জানিয়েছেন, "আজও ইরানের রাস্তায় মানুষের মধ্যে ক্ষোভ এবং প্রতিরোধ দৃশ্যমান। মানুষ প্রকাশ্যে বলছে, তাঁরা দেশকে রক্ষা করার জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মানুষ বলছে, তাঁরা রক্ত দিতে তৈরি, কিন্তু নিজেদের জমি ছাড়বে না।"
তিনি বলেন, "এই সংঘাত কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে ইরান শেষ পর্যন্ত লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি যদি এই যুদ্ধ বহু বছর ধরে চলে, তাও ইরান তৈরি। তিনি মনে করিয়ে দেন, ইরান কিন্তু ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ লড়েছে। তাই আমাদের বড় লড়াই করার অভিজ্ঞতা রয়েছে।"
সরাসরি আমেরিকার প্রস্তাব খারিজ
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান আলোচনা চাইছে। কিন্তু,এলাহি মার্কিন প্রেসিডেন্টের এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরান এই মুহূর্তে কোনও আলোচনায় আগ্রহী নয়, কারণ মার্কিন পদক্ষেপের পরে যুদ্ধ শুরু হয়েছিল। তাই এই পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী।
এলাহি জানাচ্ছেন, "আমরা আমাদের বিরোধীদের কাছে মাথা নত করব না। ইরান এমন কোনও দেশ নয় যে প্রতিপক্ষের চাপের কাছে নতি স্বীকার করবে।"
তিনি বলেন, "বর্তমান সংকট কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বিশ্বকে প্রভাবিত করছে। জ্বালানির দামের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এর উদাহরণ। এই সংঘাত গ্যাস, পেট্রোল এবং তেল সরবরাহকেও প্রভাবিত করছে ।"