জিনপিং-এর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্পআমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখন চিনে। আর সেখানে গিয়ে তিনি চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর বিরাট প্রশংসা করেন। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সাক্ষাতে তিনি জানান, জিনপিং একজন মহান নেতা। তাঁর বন্ধু হওয়া গর্বের বিষয়। এই বৈঠকে তিনি চিনের সেনার প্রশংসাও করেন।
এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আপনার সঙ্গে থাকা সম্মানের বিষয়। আপনার বন্ধু হওয়া গর্বের বিষয়। চিন এবং আমেরিকার সম্পর্ক আগের থেকে ভাল হতে চলেছে।' এই সময় সেখানে উপস্থিত শিশুদেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, 'এই শিশুরা খুবই খুশি রয়েছে। তারা চিনের ভাবনার ভবিষ্যতের প্রতিনিধিত্ব করতে চলেছে। ওদিকে আপনাদের চিন সেনা অসাধারণ। এর থেকে ভাল কিছু হতেই পারে না। তবে আমাকে সবথেকে বেশি প্রভাবিত করেছে শিশুরা।'
এখানেই থেমে না থেকে ট্রাম্প দাবি করেন, তাঁর এবং জিনপিং-এর বন্ধুত্ব অনেক দিনের পুরনো। তাঁরা দুইজন মিলে অনেক কঠিন সমস্যার সমাধান করেছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'যখন কোনও সমস্যা হয়েছে, তখন আমি আপনাকে ফোন করেছি বা আপনি আমাকে ফোন করেছেন। আমরা দ্রুত সমস্যার সমাধান করেছি।'
এই সময় ট্রাম্প জিনপিং-এর নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধির বিষয়টারও খুব প্রশংসা করেন। তাঁর কথায়, 'আমি মনে করি আপনি একজন মহান নেতা। অনেকেরই আবার এই কথাটা পছন্দ হয় না। কিন্তু আমি সত্যি কথা বলি। আর এটাই সত্যি।'
ট্রাম্প আরও জানান, আমেরিকার বড় ব্যবসায়ী এবং উদ্যোগপতি চিনে আসতে চায়। তারা চিনের সঙ্গে ব্যবসা বাড়ানোর বিষয়ে উদ্যোগী।
কী খেলা চলছে?
মাথায় রাখতে হবে, ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে সারা বিশ্ব চিন্তায়। বিশেষত, হরমুজ বন্ধ থাকায় বিপদ বাড়ছে। পাকিস্তানে একাধিকবার শান্তি বৈঠকে বসেও সমঝোতা করতে পারনি দুই দেশ। এমন পরিস্থিতিতে চিনে এলেন ট্রাম্প। জিনপিং-এর বিরাট প্রশংসা করলেন। আমেরিকা-চিনের সম্পর্ক মজবুত করার দিলেন বার্তা। আর এটা তিনি কেন করলেন, সেটা নিয়ে সারা বিশ্বে চর্চা চলছে।