মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের কাছেই লাফায়েট স্কোয়ারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে।ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সোমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের কাছেই লাফায়েট স্কোয়ারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে। সোজা গিয়ে একটি সাইনবোর্ডে ধাক্কা মারে। ঘটনার সময় হোয়াইট হাউজেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে সঙ্গে অ্যালার্ট জারি করে সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউসের ভিতরে আটকে রাখা হয় সাংবাদিকদের। কিছুক্ষণের জন্য সিকিউরিটি লকডাউন লাগু করা হয়। অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সময় সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ভারতীয় সময় তখন রাত সাড়ে ৮টা। লাফায়েট স্কোয়ার পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের অন্য পারে, হোয়াইট হাউসের ঠিক সামনেই অবস্থিত। ওই চত্বরের উত্তর দিকে পাকা রাস্তার উপর দিয়ে এগিয়ে এসে গাড়িটি একটি সাইনবোর্ডে ধাক্কা মারে বলে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে। ধাক্কার পর গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। চালক গাড়ি থেকে নেমে আসেন। তার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়।
সিক্রেট সার্ভিসের আধিকারিকদের সঙ্গে ন্যাশনাল গার্ডের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে শারীরিক সংঘর্ষের পর চালককে হেফাজতে নেওয়া হয়। সেই সময় হোয়াইট হাউসের সাংবাদিকদের ভিতরে চলে যেতে এবং সেখানেই অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। সাময়িক ভাবে চলাচলেও বিধিনিষেধ জারি হয়। গাড়িটি অবশ্য হোয়াইট হাউসের মূল ফটক পর্যন্ত পৌঁছয়নি। লাফায়েট স্কোয়ার থেকে প্রেসিডেন্টের বাসভবনের প্রবেশপথের দূরত্বও বেশ খানিকটা।
তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি। চালকের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গাড়িটি ইচ্ছাকৃত ভাবে সাইনবোর্ডে ধাক্কা মেরেছিল, না কি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা, তা-ও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা নিয়েও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তদন্তকারীরা গাড়ির গতিপথ, চালকের আচরণ এবং ঘটনার আগের পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের আশপাশের রাস্তা, খোলা চত্বর এবং প্রবেশপথও কড়া নজরদারিতে থাকে। প্রেসিডেন্ট ভিতরে থাকলে সামান্য সন্দেহজনক ঘটনাতেও নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। এ ক্ষেত্রেও সেই সতর্কতাই দেখা গিয়েছে।