
বিশ্লেষকরা বলছেন, একাধিক প্রথম বিশ্বের দেশেও ঠিক এভাবেই বেকারদের ভাতা দেওয়া হয়। Yuva Sathi scheme West Bengal: রাজ্যে বেকার যুবকদের জন্য সম্প্রতি 'যুবসাথী' প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভোটমুখী বাংলায় এই স্কিমকে কেন্দ্র করে সমালোচনায় নেমেছেন বিরোধীরা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, একাধিক প্রথম বিশ্বের দেশেও ঠিক এভাবেই বেকারদের ভাতা দেওয়া হয়। অর্থনীতিবিদদের মতে, উন্নত ও বহু উন্নয়নশীল দেশেই বেকারদের জন্য নির্দিষ্ট সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলি সাধারণত 'Unemployment Benefit' বা 'Unemployment Insurance' নামে পরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্র
এই তালিকায় প্রথমেই আসে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেও বেশ কিছু স্টেটে বেকার ভাতার মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প আছে। পোশাকি নাম 'Unemployment Insurance'। এই ব্যবস্থায় চাকরি হারানো ব্যক্তিদের নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে তার শর্ত প্রতিটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে আলাদা। তবে বছরের পর বছর নয়। সাধারণত কয়েক মাস পর্যন্তই এই ভাতা দেওয়া হয়। তবে আনএমপ্লয়েমেন্ট অফিসে গিয়ে চাকরি হারানোর কারণ, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হয়। শেষ যে বেতন পেতেন, তার উপর ভিত্তি করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়। নির্দিষ্ট সময় অন্তর সেই দফতরে গিয়ে আপডেটও দিতে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে গড় বেকার ভাতা কত?
পরিসংখ্যান বলছে, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গড় আনএমপ্লয়মেন্ট বেনেফিট ছিল ৩৭৮ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৪,২৩২ টাকা। ভারতীয়দের নিরিখে এটি বিপুল অঙ্ক মনে হতেই পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে খরচও প্রচুর। তাই সেদেশের নিরিখে খুব সামান্যই।

শুধু তাই নয়, এই আনএমপ্লয়েমেন্ট অফিস থেকে নতুন বেসরকারি চাকরি পেতেও সহায়তা করা হয়। কোনও বেকার যদি চাকরির ইন্টারভিউ দিয়েও কাজ না পান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসে ফোন করে আনএমপ্লয়েমেন্ট দফতর। অর্থাৎ, শুধু ভাতা নয়, কর্মসংস্থানের দিকটিও দেখা হয়।
ব্রিটেন
ব্রিটেনেও বেকারদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। সেখানে 'Universal Credit' এবং 'Jobseeker’s Allowance' নামে দু'টি প্রকল্প আছে। এর মাধ্যমে কর্মহীন মানুষকে ভাতা দেওয়া হয়। তবে বসে বসে ভাতা নিলেই হবে না। ভাতা গ্রহণকারীকে নির্দিষ্ট সময় অন্তর চাকরি খোঁজার প্রমাণ দিতে হয়। নির্দিষ্ট শর্ত পূরণ করলে তবেই ভাতা মেলে।
জার্মানি, ফ্রান্স
ইউরোপের কয়েকটি দেশেও একই ধরনের ব্যবস্থা চালু রয়েছে। জার্মানিতে 'Arbeitslosengeld' নামের একটি বেকার ভাতা দেওয়া হয়। চাকরি হারানোর আগে নির্দিষ্ট সময় কাজের অভিজ্ঞতা থাকলে এই ভাতা পাওয়া যায়। ফ্রান্সেও বেকারদের জন্য সরকারি ভাতা রয়েছে। কর্মসংস্থান সংস্থার মাধ্যমেই এই টাকা দেওয়া হয়।
কানাডা
কানাডাতেও 'Employment Insurance' প্রকল্পের মাধ্যমে বেকারদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এটা পেতেও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা লাগে। কেউ যদি হঠাৎ চাকরি হারান, সেক্ষেত্রেই এটা মেলে।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় 'JobSeeker Payment' নামে একটি ভাতা রয়েছে। চাকরিহারা নাগরিকদের এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
অর্থনীতিবিদরা এই ধরনের ভাতার বিষয়ে কী বলছেন?
অর্থনীতিবিদদের মতে, এই ধরনের বেকার ভাতা চাকরিহীনদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। একই সঙ্গে চাকরি খোঁজার সময় সাময়িক সুরক্ষা দেয়। তবে অধিকাংশ দেশেই এই ভাতা স্থায়ী নয়। নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। তাঁদের চাকরি খুঁজতে রীতিমতো চাপও দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পও মূলত বেকার যুবকদের সাময়িক আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়েছে। ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ১৫ থেকে ২৬ জানুয়ারি রাজ্যে ২৯৪টি স্থানে যুবসাথীর ফর্ম ফিল আপ হবে। তবে এই প্রকল্পকে রাজ্যে 'কর্মসংস্থান প্রদানের ব্যর্থতা' বলেও সমালোচনা করছেন বিরোধীরা।
এ কথা বলাই বাহুল্য যে, রাজ্যের যুবসমাজের একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় রয়েছেন। সেই প্রেক্ষাপটে যুবসাথী প্রকল্প নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।