ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে আরও গভীর করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। জাকার্তায় প্রধানমন্ত্রী মোদীর সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে প্রাবোও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর কথায়, ভারতীয় সভ্যতা ও হিন্দু সংস্কৃতির প্রভাব ইন্দোনেশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ভাষায় আজও স্পষ্ট। দেশের বহু মানুষের নামের উৎস যেমন সংস্কৃত, তেমনই জাতীয় প্রতীক ‘গরুড়’-এর শিকড়ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত। জবাবে প্রধানমন্ত্রী মোদী জানান, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, ইস্পাত, মহাকাশ গবেষণা এবং ডিজিটাল পরিকাঠামোর মতো কৌশলগত ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। ভারতের ইউপিআই-কে ইন্দোনেশিয়ার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে, যা ব্যবসা ও পর্যটনকে আরও সহজ করবে। স্টেইনলেস স্টিল ও রেয়ার-আর্থ ম্যাগনেট উৎপাদনেও নতুন শিল্প অংশীদারিত্ব গড়ে উঠবে। মোদী আরও জানান, প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে যোগ্যাকার্তার হাজার বছরের প্রাচীন প্রাম্বানান মন্দির সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন তিনি। পাশাপাশি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে দুই দেশ যৌথভাবে ‘রবীন্দ্রনাথ-দেওয়ান্তারা সাংস্কৃতিক ও শিক্ষাগত কূটনীতি বর্ষ’ উদ্যাপন করবে।
PM Narendra Modi Announced India and Indonesia Would Jointly Celebrate Rabindranath Tagores 100 Year Legacy