Budget 2026: 'বাজেটে উত্তরবঙ্গকে প্রাপ্যের চেয়েও এক টাকা হলে বেশি', আশ্বাস শাহের

রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগের দিন ভোটমুখী বঙ্গে এসে বড় ঘোষণা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, উত্তরবঙ্গবাসীর জন্য বাজেটে বরাদ্দের ক্ষেত্রে কোনও অন্যায় হবে না। কী ঘোষণা করলেন তিনি?

Advertisement
'বাজেটে উত্তরবঙ্গকে প্রাপ্যের চেয়েও এক টাকা হলে বেশি', আশ্বাস শাহের
হাইলাইটস
  • ভোটমুখী বঙ্গে এসে বড় ঘোষণা করলেন অমিত শাহ
  • উত্তরবঙ্গবাসীর জন্য বাজেটে বরাদ্দের ঘোষণা
  • রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

উত্তরবঙ্গের জন্য বাজেটে বড় চমক থাকতে পারে বলেই শনিবার শিলিগুড়ি থেকে ঘোষণা করলেন অমিত শাহ। কর্মিসভার মঞ্চ থেকে উত্তরবঙ্গের সব আসনে জয় নিয়েও আশাবাদী সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 

উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ 
অমিত শাহ বলেন, 'আমরা উত্তরবঙ্গবাসী কথা দিচ্ছি, উত্তরবঙ্গের আয়তন এবং জনসংখ্যার হিসাবে যে পরিমাণ বাজেট হওয়ার কথা, তার চেয়ে এক টাকা হলেও বেশি বরাদ্দ হবে। অন্যায় হতে দেব না।' এ প্রসঙ্গে তিনি রাজ্য বাজেটের কথা স্মরণ করিয়ে দেন। অমিত শাহ বলেন, '২০২৪-২৫ সালের রাজ্য বাজেটে ৩ লক্ষ ৬৭ হাজার কোটির বাজেট ঘোষণা করা হয়। কিন্তু উত্তরবঙ্গের জোটে ৮৬১ কোটি। অর্থাৎ, চার ভাগের এক ভাগেরও কম। অথচ উত্তরবঙ্গের আয়তন রাজ্যের মোট আয়তনের ২৪ শতাংশ। ২৫ শতাংশ বাজেট পাওয়ার কথা। তার বদলে ০.২৫ শতাংশ দিয়েছে। এর বেশি অর্থ তো মোদীজি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পাঠিয়ে দিয়েছেন।' তিনি আরও বলেন, “দিদির নজরে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পারা মুরগি। এটা বেশিদিন চলবে না। আপনার টাটা বাই বাই-এর সময় এসে গিয়েছে। এই বছরের এপ্রিলের শেষে আপনাকে বিদায় নিতে হবে।'

উত্তরবঙ্গে সব আসনে জয়
অমিত শাহের দাবি, উত্তরবঙ্গের সব আসনে জয় নিয়ে আশাবাদী তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শুভেন্দুদা আমায় হেলিকপ্টারে আসতে আসতে বলছিলেন, ২টো আসন নিয়ে একটু সমস্যা আছে। আমি তাঁকে কথা দিয়েছি, সব আসনেই আমরা জিতব।'

চা শ্রমিকদের শাহের বার্তা
চা শ্রমিকদের জন্য মোদীজি যা কিছু করেছেন, অসমে তা কার্যকর হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের কোনও সুবিধা হয়নি বলে উল্লেখ করেন অমিত শাহ। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়ার বদলে দেশলাই বাক্সের মতো ঘর দিতে চাইছে। আমি কথা দিয়ে যাচ্ছি, অসমের মতো পশ্চিমবঙ্গেও চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার কাজ করবে।  চা বাগানগুলিও বেসরকারি সংস্থাকে দেওয়ার ষড়যন্ত্র করছে মমতার সরকার। উত্তরবঙ্গের পাহাড়কে কেটে ফেলা হচ্ছে। এ সব বন্ধ করতে হলে BJP-কেই ক্ষমতায় আনতে হবে।'

Advertisement

'চিকেনস নেক'
 'চিকেনস নেক' প্রসঙ্গ উত্থাপন করে অমিত শাহ বললেন, 'উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি BJP-র দুর্ভেদ্য গড়। শিলিগুড়ি অঞ্চলকে গোটা দেশ ভালবাসে। শিলিগুড়ি উত্তরপূর্বে যাওয়ার রাস্তা। কিছু দিন আগে কয়েক জন দিল্লিতে স্লোগান তোলে, চিকেন নেককে বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে, কারও বাবার জমি নাকি! এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না।'

পরিশেষে শিলিগুড়ি থেকে অমিত শাহ বলেন, 'BJP-কে একটা সুযোগ দিন। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলা গড়ব। এমন পশ্চিমবঙ্গ গড়ব, যেখানে অনুপ্রবেশ থাকবে না, যেখানে শিল্প আসবে।,দুর্নীতি ছাড়াই চাকরি মিলবে, তরুণদের ভিনরাজ্যে যেতে হবে না।'

 

POST A COMMENT
Advertisement