চন্দ্রিমা ভট্টাচার্যআজ তৃণমূল এবং ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার খুবই খারাপ ব্যবহার করেছেন। তাঁকে নাকি বলা হয়েছে চিৎকার করবেন না। আর কমিশনের তরফে খবর যে এই ঘটনা কিছুটা হলেও সত্যি।
কমিশন সূত্রে দাবি, টিএমসি-র একজন নেতা উচ্চ স্বরে কথা বলেছিলেন। যার পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাঁকে নিচু স্বরে কথা বলার পরামর্শ দেন। পাশাপাশি তাঁর দাবি ও পরামর্শ সঠিকভাবে তুলে ধরার কথা বলেন।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এই বৈঠক চলার সময় একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলা হয়। কমিশনের মতে, এই বিষয়টা বর্তমানে বিচারাধীন। তাই এই বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাইছেন না।
কী হয়?
গতকাল রাজ্যে এসেছেন জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। তাঁরা আজ কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে। তৃণমূলের সঙ্গেও বৈঠক হয় কমিশনের প্রতিনিধি দলের। আর সেখানেই পরিস্থিতি গরম হয়ে যায় বলে খবর। বৈঠক শেষে বেরিয়ে এসে চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন যে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন, 'আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে বাবুদের রাগ হয়েছে। জ্ঞানেশ কুমার আমায় বলছেন, চিৎকার করবেন না। আমি একজন মহিলা, আমায় এভাবে বলতে পারেন নাকি! আমি ওঁকে বিনম্র ভাবেই বলেছি, বৈধ ভোটারদের ভোটাধিকার কাড়া যাবে না।'
এদিন কমিশনের সঙ্গে দেখা করতে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার যান। তারপরই তাঁদের দাবি, যাঁরা সত্যিকারের নাগরিক, তাঁরা যেন কেউ বাদ না যায়। এটাই জ্ঞানেশের কাছে অনুরোধ জানান হয়।
চন্দ্রিমার কথায়, 'প্রতিবারের মতো এবারও উনি একাই বলেছেন। তারপর উনি ক্ষিপ্ত হয়ে যান। সুপ্রিম কোর্টে গিয়েছি বলে চেঁচাচ্ছেন উনি। সুপ্রিম কোর্টে যাওয়া কি অন্যায় হয়েছে নাকি?'
এরপর কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'BJP একটা ন্যারেটিভ তৈরি করেছে। ওদের কথায় বাংলায় অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে। ২ মাসের SIR প্রক্রিয়ায় একটাও প্রমাণ করতে পারেননি। এইটা করতে গিয়ে আপনি ভারতীয় নাগরিকদের হেনস্থা করেছেন, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন। দিন আনা দিন খাওয়া শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে কাজ কর্ম বাদ দিয়ে নিজেদের ভারতীয় প্রমাণ করেছে। দেখবেন যাতে কোনও ভারতীয় নাগরিক যেন তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। যদি কেউ তাঁদের ভোটাধিকার কেড়ে নেয় তাহলে তা অসাংবিধানিক।' তিনি আরও বলেন, 'BJP-র পায়ের তলায় মাটি নেই। ঘুসপেটিয়া ঘুসপেটিয়া করে নিরীহ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। আমরা ভারতীয় নাগরিক, তাও আমাদের ছটছট করতে হচ্ছে।'