শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় এবার বামেরা। মঙ্গলবার সন্ধ্যায় CPIM-এর যুব সংগঠন DYFI-এর তরফে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে 'ধর্মনিরপেক্ষতা নিপাত যাক' বলে মন্তব্য করায় এই অভিযোগ বলে জানা গিয়েছে। যা দেশের সংবিধান বিরোধী এবং সম্প্রীতি ও ঐতিহ্যের পরিপন্থী। এই অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে।
কেন FIR?
জানা গিয়েছে, DYFI-এর রাজ্য কমিটির নেতা সৈনিক শূর এই অভিযোগটি দায়ের করেছেন বালিগঞ্জ থানায়। তাঁর বক্তব্য, 'রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য অত্যন্ত ঘৃণ্য এবং সংবিধানবিরোধী।' সৈনিক আরও অভিযোগ করেছেন, এই ধরমের মন্তব্য দেশের সংবিধানের পরিপন্থী এবং ধর্মনিরপেক্ষতার মূল চেতনাকে আঘাত করে। মানুষের ধর্ম পালনের অধিকার ও দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর বিরুদ্ধে এই মন্তব্য। সংবিধান লঙ্ঘনের মতো অপরাধ বরদাস্ত হবে না।
তবে শুধু বালিগঞ্জ থানাই নয়, আগামী দিনে কলকাতা পুলিশের আরও একাধিক থানায় এই ইস্যুতে বামেদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে বলেও খবর।
কী বলেছিলেন শুভেন্দু?
ভবানীপুরে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন হিন্দুদের একজোট করার কথা। তাঁর বক্তব্য, 'নাস্তিকতা নিপাত যাক। সেক্যুলারিজম নিপাত যাক। হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষা থাকে, হিন্দুরা যাতে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে, রাধামাধবের কাছে সেই পার্থনা করব।' সম্প্রতি ভবানীপুরে বিরোধী দলনেতাকে বার কয়েক দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ও গঠন করেছেন সম্প্রতি।