লিয়েন্ডার পেজ
BJP-তে যোগদান করেই এবার যুবভারতী কাণ্ড নিয়ে মুখ খুললেন লিয়েন্ডার পেজ। তাঁর মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী থাকলে, মেসির সফরে যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল, তা ঘটত না।
১৮টা গ্র্যান্ড স্লাম এবং অলিম্পিক্সে পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবার রাজনীতির দুনিয়ায়। যুবভারতীর ঘটনা প্রসঙ্গে তিনি শনিবার একটি সাংবাদিক বৈঠকে বলেন, 'আমার দুঃখ হয়। পশ্চিমবঙ্গকে এত অসম্মানিত হতে হবে কেন? সৌরভদা বা স্নেহাশিসদা কিংবা কোনও খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী হলে এসব হত না।'
গত ১২ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। ৩ দিনের সফরের নাম দেওয়া হয়েছিল 'GOAT ট্যুর অফ ইন্ডিয়া'। পরদিন নির্ধারিত সময়েই যুবভারতীতে পৌঁছে যান মেসি, সুয়ারেজ, ডি'পল। প্রায় ঘণ্টা দেড়েক স্টেডিয়ামে থাকার কথা থাকলেও, মেসিকে ঘিরে নেতা, মন্ত্রী, তাঁদের অনুগামী, VIP, পুলিশের থিকথিকে ভিড় এবং তার জেরে তৈরি হওয়া বিশৃঙ্খলার মধ্যে রীতিমতো অস্বস্তি পড়ে যান কিংবদন্তি খেলোয়াড়রা। মাত্র ১৭ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন তিন তারকা ফুটবলার।
হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ায় ক্ষোভে-রাগে তাণ্ডব শুরু হয় গোটা যুবভারতী জুড়ে। যুবভারতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও মেসিকে কিছুক্ষণ থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন।
যুবভারতীর এই লজ্জাজনক ঘটনা নিয়ে রীতিমতো আফসোস করতে দেখা গিয়েছে লিয়েন্ডার পেজকে।
উল্লেখ্য, যে তৃণমূলকে তিনি নিশানা করেছেন, সেই দলেই একটা সময়ে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ২০২১ সালের অক্টোবরে গোয়া বিধানসভা নির্বাচনের আগে পানাজিতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার সময়ও শোনা গিয়েছিল, তাঁকে প্রার্থী করা হতে পারে, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। এবারও তিনি নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।