
দীর্ঘদিন ধরেই পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির দাবি তুলছিলেন পুরোহিত-মোয়াজ্জেমরা।Purohit allowance West Bengal: পশ্চিমবঙ্গের পুরোহিত ও মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবার সমাজমাধ্যমে(X) এক পোস্টের মাধ্যমে তিনি জানান, রাজ্যের পুরোহিত এবং মোয়াজ্জেমদের মাসিক ভাতা আরও ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। ফলে সংশোধিত হারে এখন থেকে তাঁরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। দীর্ঘদিন ধরেই পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির দাবি তুলছিলেন পুরোহিত-মোয়াজ্জেমরা। অবশেষে সেই দাবিতেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী।
রবিবার এক্স (টুইটার) পোস্টে মুখ্যমন্ত্রী জানান, পুরোহিত ও মোয়াজ্জেমরা সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কাজের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাজ্য সরকারের কাছে সম্প্রতি যে সমস্ত নতুন আবেদন জমা পড়েছিল, সেগুলিও অনুমোদন করা হয়েছে। ফলে নতুন আবেদনকারীরাও এই ভাতা প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রতিটি সম্প্রদায় এবং তাদের ঐতিহ্যকে সমান মর্যাদা দেওয়াই সরকারের লক্ষ্য।
আগে কত ভাতা মিলত?
রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে আর্থিকভাবে দুর্বল পুরোহিত ও পূজারিদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ২৯ হাজারেরও বেশি পুরোহিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন ঘোষণার ফলে তাঁদের মাসিক আর্থিক সহায়তা আরও কিছুটা বাড়ল।
ভাতা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের
বহুদিন ধরেই পুরোহিত, ইমাম এবং মোয়াজ্জেমরা ভাতা বাড়ানোর দাবি তুলছিলেন। মূল্যবৃদ্ধির বাজারে আগের ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে; এমন অভিযোগও তুলছিলেন তাঁরা।
সম্প্রতি পীরজাদা ইব্রাহিম সিদ্দিকিও এই বিষয়ে মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'পুরোহিতদের পাশাপাশি ইমাম ও মোয়াজ্জেমদের ভাতাও বাড়ানো উচিত। মূল্যবৃদ্ধির বাজারে এই ভাতা বাড়ানো অত্যন্ত জরুরি।'
রাজনৈতিক বিতর্কও কম নয়
তবে এই প্রকল্প ঘিরে বিতর্কও কম হয়নি। মোয়াজ্জেম ও ইমাম ভাতা চালুর সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছিল। পরবর্তী সময়ে পুরোহিতদের জন্যও ভাতা চালু হলে সেই বিতর্ক আরও তীব্র হয়।
সামনে বিধানসভা নির্বাচন। প্রায় সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে। ফলে পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির এই ঘোষণা রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ধর্মীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনের মুখে এই ঘোষণাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে মত বিশ্লেষকদের।