Mamata Banerejeeপেট্রোল-ডিজেল ইস্যুতে ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের কারণে বাংলায় বাইরে থেকে ১০ লক্ষ লোক আসবে। তাদের রান্নাবান্না করতে গিয়ে যেন গ্য়াসের জোগান কম না হয়, হুঁশিয়ারি তাঁর। আজ শুক্রবার অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে এই কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, পেট্রোল ও ডিজেলের অভাব নেই। তবে সাধারণ মানুষের আগে প্রয়োজন রান্নার গ্যাস। তার যদি সঙ্কট হয় তাহলে বিপদে পড়তে হবে আম আদমিকে। তারপরই ভোটের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'পেট্রোল আছে, ডিজেল আছে। সব পুলিশ অফিসার, ডিএমদের বদলি করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে জানিয়েও কাজ হচ্ছে না। ভোটের সময় তো বাইরে থেকে ১০ লক্ষ লোক আসবে। তাদের রান্নার জোগান দিতে গিয়ে যেন রাজ্যের গ্যাসের কোনও অভাব না হয়। তাহলে এখানকার লোকের ক্ষতি হবে। বাংলায় গ্যাস উৎপাদন কেন্দ্র আছে। এখানকার গ্যাস যেন বাইরে না যায়। সেটাও নিশ্চিত করতে হবে।'
SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলেও সবটা নিয়েই ধোঁয়াশা। এখনও পাবলিক ডোমেনে নাম আসেনি। কাদের নাম আছে, কাদের বাদ দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
মমতার কথায়, 'সব নাম বাদ দিয়েছে। এখনও লিস্ট বের করেনি। পাবলিক ডোমেনে আসেনি নাম আসেনি। কেন এমন করা হচ্ছে। সবার জানার অধিকার আছে। এভাবে তো চলতে পারে না। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, দুর্ভাগ্যজনক কিছু হতেই পারে না। এরা দেখে দেখে, বেছে বেছে নাম বাদ দিয়েছে। কোনও কোনও বুথে নির্দিষ্ট সম্প্রদায়ের লোকের নাম বাদ দেওয়া হয়েছে। হিটলারের জমানাকেও ছাড়িয়ে গিয়েছে এরা। যা ইচ্ছে তাই করছে। গণতন্ত্র বলে কিছু নেই। নির্বাচন কমিশনকে ধিক্কার। এদের নিয়ে বলতেও আমার লজ্জা লাগে।'