হুমায়ুন কবীরের ভিডিও, নরেন্দ্র মোদী হুমায়ুন কবীরের সুরেই তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার বাংলায় এসে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত 'বিতর্কিত' ভিডিও নিয়ে মুখ খুললেন তিনি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রচার সভা থেকে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, 'ভোট যত এগিয়ে আসবে, ততই ষড়যন্ত্র করবে তৃণমূল। খুব সাবধান।'
কী বললেন প্রধানমন্ত্রী?
এদিনের সভায় হুমায়ুনের নাম নেননি প্রধানমন্ত্রী। তবে তিনি বলেছেন, ‘ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয় দেখতে পাচ্ছে। তাই ওরা AI-কে কাজে লাগিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। অসম আর পুদুচেরীতেও একইরকম কাজ হয়েছে। আমি আপনাদের সতর্ক করছি, এগুলোতে বিভ্রান্ত হবেন না। দলে দলে ভোট দিতে বেরোন। BJP-কে জয়ী করুন।’
কী আছে হুমায়ুনের ভিডিওতে?
হুমায়ুন কবীরের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করে BJP-র সঙ্গে গোপন আঁতাঁতের দাবি করেছে তৃণমূল। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জনৈক ব্যক্তির সঙ্গে হুমায়ুনের কথোপকথন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, BJP-র কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চাইছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এর মধ্যে ৩০০ কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে আরও বলতে শোনা গিয়েছে, বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি বলেন, 'বাবরি নামের থেকেও মসজিদটা আসল। PMO-র সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন।' bangla.aajtak.in অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
কী সাফাই হুমায়ুনের?
আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর দাবি করেছেন, এই ভিডিও AI দিয়ে তৈরি করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল। ঠিক একই সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। তিনিও নাম না করেই উল্লেখ করলেন AI ভিডিওর কথা।
কী বলেছেন অমিত শাহ?
বাংলায় সংকল্প পত্র উন্মোচন করতে এসে অমিত শাহ বলেন, 'আপনারা মমতাদিদির ক্ষমতা জানেন না। মমতাদি এমন ২ থেকে ৪ ভিডিও বানাতে পারেন।' তিনি আরও বলেন, 'হুমায়ুন কবীর এবং ভারতীয় জনতা পার্টি নর্থ পোল-সাউথ পোল। আমরা কখনও মিলে যেতে পারব না। আমরা বাংলায় যে বাবরি মসজিদ তৈরি করতে চাইছে, তার সঙ্গে বসার থেকে আরও ২০ বছর বিরোধী আসনে থাকতে রাজি।'