নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়'২৯৪ আসনে আমিই প্রার্থী', এই বাক্যের কথা উঠলেই রাজনৈতিক সচেতন মানুষেরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করবেন। কিন্তু এখন শুধু মমতা নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও সেই একই কথা। তিনিও ২৯৪ আসনে তাঁকে দেখেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ইতিহাসে '২৯৪ আসনে আমিই প্রার্থী' এই কথাটি বলা চালু করেছিলেন মমতা। তিনি ২০১৬-এর ভোটে, ২০২১-এর ভোটে এই কথাটি বারবার বলেছেন। এমনকী ছাব্বিশের ভোট প্রচারের সময়ও তাঁর মুখ দিয়ে শোনা যাচ্ছে এই বাক্য। আর এবার সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল মোদীর মুখে। তিনিও ভোটমুখী বাংলায় প্রচারে এসে বললেন, '২৯৪ আসনে আমিই প্রার্থী।'
আর মোদীর এহেন বক্তব্যের পরই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। একদল প্রশ্ন করছেন, হঠাৎ কেন এই ধরনের কথা বলতে শুরু করলেন দেশের প্রধানমন্ত্রী? তিনি কি বাংলার নেতাদের উপর থেকে বিশ্বাস হারিয়েছেন, তাই নিজের উপর ধরছেন বাজি? এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, 'এগুলি রাজনৈতিক রেটোরিক বা ভাষ্য তৈরির চেষ্টা মাত্র। মোদী হয়তো নিজেকেই মুখ করে এগতে চাইছেন। তাতে বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে মনে করতে পারেন তিনি। তাই এমন ধরনের কথা বলছেন।'
যদিও এই ধরনের কথা বলার মানেই যে তিনি বাংলার বিজেপি নেতাদের উপর বিশ্বাস রাখতে পারছেন না, এমনটা মানতে চাইলেন না উদয়ন। তাঁর মতে, এটা এক ধরনের রাজনৈতিক ভাষ্য তৈরি। এর বেশি কিছু নয়।
এখন প্রশ্ন হল, এর কি কোনও ভোটের প্রভাব রয়েছে? সেই বিষয়টি সম্পর্কে উদয়ন বলেন, 'এই ধরনের কথার কোনও ভোট প্রভাব নেই। শুধু রাজনীতির ময়দানে নিজের প্রভাব বাড়ানোর জন্য এই ধরনের কথা বলা হয়। এটা মোদী এবংং মমতার মতো লিডারদের মুখেই মানায়।'
মাথায় রাখতে হবে, মোদী এই ধরনের কথা বলার পরই তাঁকে আক্রমণে নেমে পড়েছেন মমতা। তাঁর দাবি, মোদী তো মুখ্যমন্ত্রী হবেন না। তাহলে কেন এই ধরনের কথা বলছেন? যদি একান্তই তাঁকে এই ধরনের কথা বলতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়ানো উচিত। তবে মমতার এই মতামতকে ঠিক মনে করছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাঁরা মোদীর এমন দাবির পিছনে কোনও দোষ দেখছেন না।