নির্মলা সীতারামন।-ফাইল ছবি‘মাতৃশক্তি ভরসা’ কার্ড বিলিকে কেন্দ্র করে বাংলার নির্বাচনী রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেস নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, আর সেই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই তৃণমূলের তরফে কমিশনে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
বুধবার শ্রীরামপুরের আশ্রম পাড়ায় হস্ততাঁত তাঁতশিল্পীদের সঙ্গে দেখা করার পর পূর্ব বর্ধমানের কালনায় গিয়ে ‘উইভার কার্ড’ বা বুননশিল্পী পরিচয়পত্র বিতরণ করেন সীতারামন। এই কার্ডের মাধ্যমে শিল্পীরা সরকারি ভর্তুকি, কাঁচামাল সহায়তা এবং স্বল্প সুদের ঋণের সুবিধা পেতে পারেন। পাশাপাশি বিজেপির হস্ততাঁত সেলের আয়োজিত এক সম্মেলনেও বক্তব্য রাখেন তিনি।
তবে এই কর্মসূচিকেই সরাসরি নির্বাচনী প্রলোভন বলে অভিযোগ করেছে তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেন, ভোটের মুখে এই ধরনের সুবিধা বিলি করা ভোটারদের প্রভাবিত করার কৌশল। তাঁর কথায়, 'এটি নির্বাচনী অধিকারের অবাধ প্রয়োগকে প্রভাবিত করার একটি প্রত্যক্ষ প্রচেষ্টা এবং আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।'
অন্যদিকে বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, ‘পহেচান কার্ড’ প্রকল্প নতুন নয়, বরং বহুদিন ধরেই চালু রয়েছে। গত বছরই এই কার্ড ইস্যুর জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে বলে তারা জানায়। ফলে এটিকে নির্বাচনী প্রলোভন বলা ঠিক নয় বলেই মত তাদের।
জনসভায় তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন নির্মলা সীতারামন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের ইচ্ছাকৃত বাধার কারণেই কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্প বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেনি। তাঁর কথায়, 'আপনাদের প্রাপ্য অর্থ দিল্লিতে প্রস্তুত ছিল, কিন্তু রাজ্য সরকার সেই অর্থ খরচের অনুমতি দেয়নি।'