
SIR প্রক্রিয়া শেষে ভোটার তালিকায় 'বিচারাধীন' ভোটারদের ভবিষ্যৎ নিয়ে জট কাটতে চলেছে শীঘ্রই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। বুধবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া 'বিচরাধীন' ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার। বৃহস্পতিবারের ঝাড়াই-বাছাইয়ের পর এই তালিকা আরও বাড়বে। তারপরই প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।
'অ্যাডজুডিকেশন' তালিকায় নাম ছিল তৃণমূলের শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজার। তাঁর নাম যাতে আগে নিষ্পত্তি করা হয়, বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে তিনি সেই আবেদন জানিয়েছিলেন। CEO দফতর জানিয়েছে, ইতিমধ্যেই শশী পাঁজার নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এই তালিকায় তৃণমূলের সাগরদিঘির প্রার্থী বাইরন বিশ্বাস এবং গোয়ালপোখরের প্রার্থী গোলাম রব্বানিও রয়েছেন। এছাড়াও BJP-র আউশগ্রামের প্রার্থী কলিতা মাজিও রয়েছে 'অ্যাডজুডিকেশন' লিস্টে। তবে তাঁদের নিষ্পত্তি হয়েছে কি না, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক বলেন, '২০ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে ৩০% ভোটারের নাম বাদ পড়েছে।' অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে এই ৩০% ভোটারের নাম বাদ থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এই ‘বিবেচনাধীন’ ভোটারদের নিষ্পত্তি ভোটের আগে হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘বিবেচনাধীন’ যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।
এদিকে, কমিশন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যারের প্রয়োজন। তা তৈরি করার কাজ চলছে। কাজ শেষ হলে নিতে হবে সুপ্রিম কোর্টের ছাড়পত্র। তারপরই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা সম্ভব হবে। ‘বিবেচনাধীন’ নাম নিষ্পত্তির কাজ করছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত ৭০০ বিচারবিভাগীয় আধিকারিক ও বিচারকেরা। যে গতিতে নিষ্পত্তি কাজ চলছে, তাতে ভোটের আগে সাপ্লিমেন্টারি লিস্ট বের করার সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। এখন দেখার বাস্তব চিত্র কী দাঁড়ায়।