সাপ্লিমেন্টারি লিস্টে নাম থাকলে ভোট দিতে পারবেন, না থাকলে কী করণীয়?সোমবার রাত ১২টা নাগাদ প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সূত্রের দাবি, প্রায় ২৯ লক্ষ 'আন্ডার অ্যাডজুডিকেশন' কেস নিষ্পত্তি করা হয়েছে। যদিও কতজনের নাম বাদ পড়েছে, আর কতজন ভোটার তালিকায় যুক্ত হতে চলেছে তার কোনও উল্লেখ সকাল ৯টা পর্যন্ত জানায়নি নির্বাচন কমিশন। ফলে গোটা বিষয়টি নিয়েই ধন্দ রয়েছে। তবে সূত্রের দাবি, মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানাতে পারে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, নির্বাচন কমিশন প্রথম দফায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করে দুটি বিভাগ করেছে। তার মধ্যে একটিতে রয়েছে 'যোগ্য' ব্যক্তিদের নাম। অপর লিস্টে রয়েছে বাদ পড়া ব্যক্তিদের নাম।
নাম 'বিবেচনাধীন' না থাকলে কী হবে?
অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যে ব্যক্তিদের নাম সরাসরি ভোটার লিস্টে চলে যাচ্ছে, তাঁদের আর চিন্তা নেই। তাঁদের নামের পাশ থেকে 'বিবেচনাধীন' তকমা সরে যাবে। নির্বাচন কমিশনের অ্যাপ ECI.Net-এ গিয়ে তাঁরা নিজেদের এপিক নং দিয়ে নাম সার্চ করতে পারেন। যদি 'অ্যাডজুডিকেশন' তকমা সরে যায়, তবে সেই ব্যক্তি ছাব্বিশের নির্বাচনেই ভোট দিতে পারবেন।
ডিলিটেড লিস্টে নাম থাকলে কী করতে হবে?
এক্ষেত্রে যদি ওই ব্যক্তি মনে করেন, তিনি যোগ্য ভোটার। সেক্ষেত্রে তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে। এই ট্রাইবুনালে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। তবে আগামী ১৫ দিনের মধ্যে এই আবেদন করতে হবে।
অনলাইনে কী ভাবে আবেদন করবেন?
ইসিআই.নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। স্টেপ দেখে নিন-
১. লগইন করুন
২. “Apply/Appeal” অপশন সিলেক্ট করুন
৩. প্রয়োজনীয় তথ্য দিন
৪. ডকুমেন্ট আপলোড করুন
অফলাইনে কীভাবে আবেদন করবেন?
জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে।