কৃষ্ণেন্দু নামের ৩ প্রার্থী 'কৃষ্ণেন্দু'। না, সপ্তপদী সিনেমার উত্তম কুমারের চরিত্র নয়। এই 'কৃষ্ণেন্দু' পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী। তবে একজন নয়, ৩ জন! তা-ও আবার একই আসনে। একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন 'কৃষ্ণেন্দু' নামের ৩ প্রার্থী। কেন্দ্রের নাম, আসানসোল উত্তর।
শেকসপিয়ার যদিও বলেছিলেন, 'নামে কী বা এসে যায়।' কিন্তু আসানসোল উত্তর কেন্দ্রের ভোটারদের সত্যিই যায় আসছে। কোন দলের কোন কৃষ্ণেন্দুকে ভোট দেবেন, তা EVM মেশিনের সামনে গিয়ে গুলিয়ে ফেলবেন না তো? এটাই এখন চিন্তা সেখানকার বাসিন্দাদের।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় আসানসোল SDM অফিসে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। আধিকারিকরা বারবার 'কৃষ্ণেন্দু' নামটি ডাকতেই ৩ জন ভিন্ন দলের প্রার্থী সাড়া দেন। তার মধ্যে দু'জনেরই পদবী মুখোপাধ্যায়, তৃতীয়জন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, এক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় BJP প্রার্থী। অপর দু'জন নির্দলে দাঁড়িয়েছেন। একই নামের পুনরাবৃত্তি কিছুক্ষণের জন্য আধিকারিকদেরও বিভ্রান্ত করে তোলে।
ভারতের নির্বাচনী রাজনীতিতে এমন ঘটনা একেবারে নজিরবিহীন না হলেও, আসানসোল উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই পরিস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে BJP প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কিছুটা কটাক্ষের সুরেই বলেন, 'কে আসল প্রার্থী? প্রথমে আমিও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তবে ভালই হয়েছে। প্রতিযোগিতা তো থাকা উচিত।' তিনি আরও বলেন, 'দেখে মনে হচ্ছে কৃষ্ণেন্দু নামটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, অন্যরাও এই নাম নিতে বাধ্য হচ্ছেন। বিরোধীদের ভয় স্পষ্ট। আর তা আমাদের ভালই লাগছে।'
ভোটারদের বিভ্রান্তি নিয়ে উদ্বেগকে উড়িয়ে BJP-র কৃষ্ণেন্দু বলেন, 'সাধারণ মানুষ যথেষ্ট সচেতন। শুধুমাত্র নাম নয়, দলীয় প্রতীক ও প্রার্থীর পরিচয় দেখে তাঁরা ভোট দেবেন।' এখানেই থেমে থাকেননি তিনি। অভিযোগ করেন, 'একই নামের একাধিক প্রার্থী থাকা কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত চক্রান্ত। ভোটারদের বিভ্রান্ত করে আমাদের ভোট কাটার চেষ্টা চলছে।' তবে তাঁর বিশ্বাস এই কৌশল সফল হবে না। আসানসোল উত্তরের ভোটাররা যথেষ্ট সচেতন এবং কাকে সমর্থন করবেন, তা তাঁরা ভাল করেই জানেন বলে মন্তব্য BJP-র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতেও ভারতের বিভিন্ন নির্বাচনে একই নামের প্রার্থী দাঁড় করানোর নজির রয়েছে। যার লক্ষ্য থাকে ভোটের ফলাফলে প্রভাব ফেলা। বিশেষ করে যেখানে ভোটাররা নামের ভিত্তিতে প্রার্থীকে চিনে থাকেন, সেখানে এই ধরনের কৌশল কাজে লাগানোর চেষ্টা করা হয়।
টের দিন যত এগিয়ে আসছে, ততই ৩ 'কৃষ্ণেন্দু' ইস্যুটি আসানসোল উত্তরের রাজনীতিতে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই অদ্ভুত নামের মিল শেষ পর্যন্ত ভোটের ফলে কোনও প্রভাব ফেলবে কি না, কোন কৃষ্ণেন্দু সমর্থন পাবেন, তা এখন দেখার অপেক্ষা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই।