ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার কংগ্রেস, BJP, CPIM-এর পর সোমবার কলকাতার পাঁচতারা হোটেলে তৃণমূলের ৩ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন CEC জ্ঞানেশ কুমারের টিম। কিন্তু বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে বাবুদের রাগ হয়েছে। জ্ঞানেশ কুমার আমায় বলছেন, চিৎকার করবেন না। আমি একজন মহিলা, আমায় এভাবে বলতে পারেন নাকি! আমি ওঁকে বিনম্র ভাবেই বলেছি, বৈধ ভোটারদের ভোটাধিকার কাড়া যাবে না।'
তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, 'যাঁরা সত্যিকারের নাগরিত, যাঁরা সত্যিকারের নাগরিক, তাঁরা যেন কেউ বাদ না যায়, সেগুলি দেখুন। আমরা ওঁর কাছে অনুরোধ জানালাম। কিন্তু প্রতিবারের মতো এবারও উনি একাই বললেন। তারপর উনি ক্ষিপ্ত হয়ে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়েছি বলে চেঁচাচ্ছেন উনি। সুপ্রিম কোর্টে যাওয়া কি অন্যায় হয়েছে নাকি! সুপ্রিম কোর্টে গিয়েছি, বেশ করেছি। মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধা নেই। আমায় বলছেন, ডোন্ট শাউট! মহিলাদের উপর চেঁচানো, দেখে নিচ্ছি আমরা।'
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'BJP একটা ন্যারেটিভ তৈরি করেছে। বাংলায় অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে। ২ মাসের SIR প্রসেসে একটাও প্রমাণ করতে পারেননি। এইটা করতে গিয়ে আপনি ভারতীয় নাগরিকদের হেনস্থা করেছেন, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন। দিন আনা দিন খাওয়া শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে কাজ কর্ম বাদ দিয়ে নিজেদের ভারতীয় প্রমাণ করেছে। দেখবেন যাতে ভারতীয় নাগরিক যেন তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। যদি কেউ তাঁদের ভোটাধিকার কেড়ে নেয় তাহলে তা অসাংবিধানিক।' তিনি আরও বলেন, 'BJP-র পায়ের তলায় মাটি নেই। ঘুসপেটিয়া ঘুসপেটিয়া করে নিরীহ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। আমরা ভারতীয় নাগরিক তা-ও আমাদের ছটছট করতে হচ্ছে।'
যদিও কত দফায় ভোট চাইছে, এ প্রশ্নের উত্তরে কোনও স্পষ্ট মন্তব্য করেননি তৃণমূল প্রতিনিধিরা।