স্পিকার ওম বিড়লার অপসারণে সমর্থন TMC-এরস্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করবেন টিএমসি সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় TMC সাংসদদের এই প্রস্তাব সমর্থন করার নির্দেশ দিয়েছেন বলে খবর মিলেছে।
মাথায় রাখতে হবে যে সোমবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। আর সেখানেই লোকসভার স্পিকার ওম বিড়লার অপসারণ নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা সরব হবে বলে জানা যাচ্ছে। আর এই প্রস্তাবেই এবার অন্যান্য বিরোধীদের সঙ্গে সুরে সুর মেলাবে তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের সাংসদরাও ওম বিড়লার অপসারণই চাইতে চলেছে।
কেন অপসারণ চাইছে?
গত মাসে বাজেট অধিবেশনের সময় থেকেই যত সমস্যার সূত্রপাত। সেই সময় বিরোধীদের কণ্ঠস্বর রোধের দাবি ওঠে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। তিনি রাহুল গান্ধী থেকে শুরু করে সংসদের অন্যান্য বিরোধী সাংসদদের কথা বলতে দেন না বলে অভিযোগ ওঠে। সেই মতো ওম বিড়লার বিরুদ্ধে নোটিস জমা দেওয়া হয়েছিল। আর সেই নোটিসে ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। আর সেখানে আবার তৃণমূল কংগ্রেসের সাংসদরাও স্বাক্ষর করতে চলেছেন বলে খবর।
মাথায় রাখতে হবে, ওম বিড়লার বিরুদ্ধে ক্ষোভ থাকলেও প্রথম দফায় তাতে সই করেননি তৃণমূল বিধায়করা। তবে দলের সুপ্রিমোর নির্দেশের পর এবার সেই নোটিসেই তাঁরা সই করবেন বলে জানা গিয়েছে।
যতদূর খবর, সংসদের কার্যপ্রক্রিয়া নিয়ে এবং ওম বিড়লার কাজকর্ম নিয়ে তৃণমূলের একাধিক আপত্তি রয়েছে। বারবার তাঁরা এই নিয়ে সরব হয়েছে। তাই এবার অনাস্থা প্রস্তাবে বিরোধী শিবিরের সঙ্গে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছে তৃণমূল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে।
আজও ধর্নায় মমতা
নির্বাচন কমিশন যোগ্য ভোটারদের নাম বাদ দিয়েছে, এই অভিযোগে ধর্নায় বসেছেন মমতা। তিনি এই ইস্যুতে কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, ভোটে জেতার জন্য কমিশনকে দিয়েই যোগ্য ভোটারদের নাম বাদ দিয়েছে বিজেপি।
পাশাপাশি আজ তিনি ধর্নামঞ্চ থেকে পশ্চিমবঙ্গ ভাগের প্রসঙ্গও তোলেন। তিনি জানান, বিহার এবং বাংলা ভাগ করে আবার নতুন কেন্দ্রশাসিত রাজ্য তৈরি করা হচ্ছে। এটা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর সেটা তিনি কখনওই হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
আবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এই কারণে তিনি ৮ মার্চ বাংলার মহিলাদের নিয়ে একটি মিছিল সংগঠিত করার ডাকও দিয়েছেন।