তৃণমূলের প্রতিনিধিদল।-ফাইল ছবিপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া ঘিরে জাতীয় রাজধানী দিল্লিতে তীব্র রাজনৈতিক সংঘাতের ছবি সামনে এল। প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগে বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে যায় তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল। কিন্তু বৈঠক চলাকালীনই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং কথা না শুনেই বের করে দেওয়ার গুরুতর অভিযোগ তোলে তৃণমূল।
এদিন কমিশনে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, মানেকা গুরুস্বামী এবং সাকেত গোখলে। তাঁদের অভিযোগ, এসআইআর-এ যে বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে, তা নিয়ে তথ্য ও যুক্তি পেশ করতে চাইলেও কমিশন তা শুনতে রাজি হয়নি। ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, কমিশনার তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং কার্যত বৈঠক থেকে বের করে দেন।
ঘটনার সূত্রপাত সোমবার গভীর রাতে প্রকাশিত কমিশনের তথ্যকে ঘিরে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রথমে প্রায় ৬৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল, আরও প্রায় ৬০ লক্ষ নাম ‘অ্যাডজুডিকেশন’-এর পর্যায়ে রয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই ৬০ লক্ষের মধ্য থেকেও ২৭ লক্ষ ১৬ হাজারের বেশি নাম বাতিল করা হয়েছে। ফলে মোট বাদ পড়া নামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯১ লক্ষে, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শাসক দল।
তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়াতেও স্বচ্ছতার অভাব রয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পিছনে বিজেপি ও নির্বাচন কমিশনের ‘যৌথ ষড়যন্ত্র’ রয়েছে বলেও দাবি করেছে তারা।
উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই প্রথম নয়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কমিশনার তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। একই অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনকে ‘অহঙ্কারী’ বলে মন্তব্য করে বৈঠক বয়কট করেছিলেন।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকায় বড়সড় কারচুপির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। অথচ নির্বাচন কমিশনের তরফে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, বরং উল্টে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এই ঘটনার পর নির্বাচনের আগে কমিশন বনাম তৃণমূল সংঘাত যে চরমে পৌঁছেছে, তা স্পষ্ট।