কালীঘাট মন্দিরে জ্ঞানেশ কুমার কলকাতায় পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে পড়লেন বিক্ষোভের মুখেও। রবিবার রাতে শহরে পা রাখার পর বাম যুব নেতাদের থেকে দেখেছিলেন কালো পতাকা। এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় উঠল 'গো ব্যাক' স্লোগান। তবে এসবে আমল দিতে চাননি তিনি। বরং রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চান। তবে লক্ষ লক্ষ ভোটার বিচারাধীন থাকা সত্ত্বেও নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা করবে কমিশন, প্রশ্ন এখন সেটাই।
ভোট নিয়ে কী বললেন জ্ঞানেশ কুমার?
কমিশন সূত্রে জানানো হয়েছে, কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলকামনা করেছেন জ্ঞানেশ। রাজ্যে স্বাধীন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, এ কথাও জানিয়েছেন কমিশনার। পাশাপাশি তিনি বলেন, 'এ বার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে। মা কালী সকলকে ভাল রাখুন।'
কমিশনের ফুল বেঞ্চ
রাজ্যে ২ দিনের সফরে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। রয়েছেন দু’জন ডেপুটি কমিশনার, মণীশ গর্গ এবং পবনকুমার শর্মা। পৌঁছে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আসবেন কমিশনের ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, ডেপুটি ডিরেক্টর পি পবন, অপূর্ব কুমার সিং, ভিডিয়ো এডিটর রঞ্জিতকুমার শ্রীবাস্তব।
কমিশনের সূচি
সকাল ১০টা: স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক। প্রতিটি দলের জন্য ১৫ মিনিট করে বরাদ্দ।
মাঝে ৩০ মিনিটের বিরতি।
দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট: কমিশনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
দুপুর ১২টা ৪৫ থেকে ১২টা ৫৫ মিনিট: বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
১২টা ৫৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট: কমিশনের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য
দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট: বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক।
এরপর IG, DIG রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক এবং SSP-SP পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক।
দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত: মধ্যাহ্নভোজ।
৩টে ১৫ মিনিট: নির্বাচনী প্রস্তুতির বৈঠক।
বেলুড় মঠেও যেতে পারেন জ্ঞানেশ কুমার। যদিও বারবার তাঁর সামনে বিক্ষোভ প্রদর্শন হওয়ায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
কবে ভোট ঘোষণা?
রাজ্যে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮ লক্ষের। ৭ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ডেডলাইন হলে এপ্রিলেই ভোট শেষ করার বাধ্যবাধকতা থাকবে। ফলে এবারের ভোট কম দফাতেই হবে বলে মনে করা হচ্ছে। ৩ কিংবা ৪ দফায় ভোট হতে পারে বলে খবর। সেক্ষেত্রে ২ দিনের সফর শেষ করে দিল্লি ফিরে ১২ তারিখের মধ্যে ভোট ঘোষণা করতে পারে কমিষন। জোরাল সম্ভাবনা এমনটাই। কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয়, সোম এবং মঙ্গলের মধ্যে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসমের ভোট ঘোষণা করা হতে পারে।
তবে কমিশন সূত্রে খবর, সাপ্লিমেন্টারি লিস্ট বের করার প্রক্রিয়া শেষ হতে হতে মার্চের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে SIR-এর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার আগে কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।