Ranveer Singh Banned: ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর মাশুল! বলিউডে 'ব্যান' হলেন রণবীর

Ranveer Singh News: রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতা'-র অভিযোগ তুলেছে এফডব্লিউআইসিই। এর অর্থ, বলিউডে আপাতত তাঁর সঙ্গে কাজ না করার জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর মাশুল! বলিউডে 'ব্যান' হলেন রণবীর  ফারহান, রণবীর

বলিউডে জোর ধাক্কা খেলেন রণবীর সিং। ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর জেরে অভিনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। গত সপ্তাহে এই নিয়ে বিস্তর জলঘোলার পর, সোমবার সংবাদমাধ্যমের কাছে রণবীরকে বয়কটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফেডারেশন।

জানা গিয়েছে, রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতা'-র অভিযোগ তুলেছে এফডব্লিউআইসিই। এর অর্থ, বলিউডে আপাতত তাঁর সঙ্গে কাজ না করার জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শ্যুটিং, শুরুর ঠিক আগে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির ছবি থেকে রণবীরের এই আকস্মিক প্রস্থানের পরেই আসরে নামে চলচ্চিত্র সংগঠন। 

বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এফডব্লিউআইসিই-র প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। শ্যুটিংয়ের ঠিক আগে অভিনেতাদের ছবি থেকে পিছিয়ে আসার এই প্রবণতাকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি। গত সপ্তাহে এই নিয়ে একটি বৈঠকও করে ফেডারেশন। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অশোক পণ্ডিত বলেন, “এটি অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং এই প্রবণতা একেবারেই ভুল। শ্যুটিং শুরুর ১০ দিন আগে কোনও প্রজেক্ট থেকে এভাবে সরে আসা যায় না। আমরা প্রথমে নিজেদের মধ্যে বৈঠক করেছি, তারপর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও যোগ করেন, "যা ন্যায়সঙ্গত আমরা এখন সেটাই করব। ইন্ডাস্ট্রিকে আমরা এ ভাবে ধ্বংস হতে দিতে পারি না। এটা চলতে থাকলে কাল যে কেউ সিনেমা ছেড়ে বেরিয়ে যাবে। আমরা যা-ই করি না কেন, ইন্ডাস্ট্রির স্বার্থেই করব।"

হাই-প্রোফাইল কাস্টিংয়ের কারণে প্রথম থেকেই দর্শকদের নজরে ছিল 'ডন ৩'। কিন্তু রণবীরের এই প্রস্থানের জেরে ছবিটি এমনিতেই বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। এর আগের একটি বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি বি এন তিওয়ারি, প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত, সাধারণ সম্পাদক অশোক দুবে এবং কোষাধ্যক্ষ গঙ্গেস্বরলাল শ্রীবাস্তব। এরপরই সাংবাদিক সম্মেলন করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

Advertisement

প্রসঙ্গত, এর আগে এই বিবাদ প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়াতেও পৌঁছয়। সেখানে প্রবীণ প্রযোজকরা মধ্যস্থতা করার চেষ্টাও করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি— প্রি-প্রোডাকশন এবং ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার পিছনে ইতিমধ্যেই তাদের বিপুল অঙ্কের টাকা খরচ হয়ে গিয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে দু'পক্ষের মধ্যে কথাবার্তা চললেও তা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন খোদ ফারহান আখতার। খানিকটা আক্ষেপের সুরেই তিনি বলেন, “গত কয়েক বছরে অনেক কিছুই ঘটেছে। অপ্রত্যাশিত জিনিসের জন্যও সবসময় প্রস্তুত থাকতে হয়। যতক্ষণ না ক্যামেরায় পুরোটা শ্যুট হচ্ছে, ততক্ষণ কোনও কিছুই নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় না।" উল্লেখ্য, ২০১১ সালে 'ডন ২' ছিল ফারহানের পরিচালিত শেষ ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং বোমান ইরানি।

রণবীর সিংকে শেষবার দেখা গিয়েছিল পরিচালক আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, সঞ্জয় দত্ত, মানব গোহিল এবং গৌরব গেরার মতো অভিনেতারা। ফেডারেশনের এই নিষেধাজ্ঞার পর বলিউডে রণবীরের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

 

POST A COMMENT
Advertisement