প্রদর্শিত হবে 'দ্য বেঙ্গল ফাইলস' দীর্ঘ টানাপড়েন আর বিতর্কের অবসান। অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর বহু চর্চিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। সব ঠিক থাকলে আগামী শুক্রবার থেকেই কলকাতার সিনেমা হলে দেখা যাবে এই ছবি। ছবিটির মুক্তি ঘিরে গত বছর সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যে দফায় দফায় বিতর্ক তৈরি হয়েছিল। পরিচালকের অভিযোগ ছিল, এক প্রকার 'অঘোষিত নিষেধাজ্ঞা'র জেরে বাংলায় ছবিটি প্রদর্শিত হতে পারেনি। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পরই এই ছবি মুক্তির পথ প্রশস্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত বছর ছবিটির ট্রেলার লঞ্চ থেকে শুরু করে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া পর্যন্ত— প্রতিটি পদক্ষেপেই বাধার সম্মুখীন হতে হয়েছিল বলে দাবি করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে এই ছবির প্রদর্শন আটকে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন পরিচালক। সেখানে তিনি লেখেন, "আমাদের ট্রেলার লঞ্চ আটকে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অজস্র এফআইআর দায়ের করা হয়েছিল। এমনকি, রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে পর্যন্ত আমি বাংলায় যেতে পারিনি। কিন্তু আমরা হার মানিনি।"
পরিচালকের দাবি, নির্বাচনের সময় বিভিন্ন কৌশলে রাজ্যের সাধারণ মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। লড়াইয়ের সেই জেদ থেকেই এবার বড় পর্দায় আসছে 'দ্য বেঙ্গল ফাইলস'। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কলকাতার প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর কথায়, "সেন্সর হওয়া একটি ছবি শুধুমাত্র রাজনৈতিক ফতোয়ার কারণে এতদিন বাংলায় মুক্তি পায়নি। সারা ভারত দেখলেও বাংলার একটি প্রেক্ষাগৃহও ছবিটি দেখাতে পারেনি। এই ছবি নিয়ে মানুষের মনে প্রবল কৌতূহল রয়েছে। অবশেষে বাংলার মানুষ ছবিটি দেখতে পাবেন, এটা স্বস্তির।" ডিস্ট্রিবিউটর শতদীপ সাহাও জানিয়েছেন, শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই যাতে ছবিটি একযোগে মুক্তি পায়, তার জন্য বিভিন্ন হলের তালিকা তৈরির কাজ চলছে।
'দ্য বেঙ্গল ফাইলস' ছবিতে গোপাল পাঠা ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে অজস্র প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। তবে প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সৌরভকে ট্রোল-কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই সৌরভকে তুমুল সমালোচনার মুখেও পড়তে হয়। এমনকি, গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের তরফেও ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিষিদ্ধ করার দাবি তুলে আইনি পদক্ষেপ করা হয়েছিল।
এ রাজ্যে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তি করানোর আর্জি জানিয়ে, মঙ্গলবার ফেসবুক পোস্টে সৌরভ লেখেন, "আমি যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি—আমাকে বাদ দেওয়ার, আমাকে নিষিদ্ধ করার সেই হুমকি আর ভয়; যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি, সেখান থেকেই আমাকে সরিয়ে দেওয়ার সেই আতঙ্ক। আমি কীভাবে রোজগার করব, সেই চিন্তায় ভীত হয়ে পড়া, আমাকে কি তবে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে একেবারে শূন্য থেকে, নতুন করে শুরু করতে হবে? আর আমার পরিবারের কী হবে—যারা আমার দিকেই তাকিয়ে থাকে? আর তারপর সেই ভ্রমণের কষ্ট— আমার সিনেমাটা দেখার জন্য বন্ধুর সাথে সুদূর মুম্বই পর্যন্ত যাওয়া। সেখানে বসে এই ভেবে কেঁদে ফেলা যে, আমি আমার পরিবারের সাথে (যাদের কিনা শেষমেশ টাটানগরে যেতে হয়েছিল তাদের ছেলের বলিউডের সিনেমায় অভিনয় দেখা জন্য— যা নিয়ে তারা ভীষণ গর্বিত ছিল) কিংবা আমাকে ভালোবাসে এমন মানুষদের সাথে আমার জীবনের এই বিশাল সাফল্যটা উদযাপন করতে পারছি না। এই কষ্টগুলোর কথা আজ বলাটা বড্ড জরুরি হয়ে পড়েছিল। বিশ্বাস করুন, আমার মতো সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় স্তরের কোনও সিনেমার পোস্টারে নিজের মুখ দেখতে পাওয়াটা আমার কাছে এক বিশাল বড় অর্জন। এ এক এমন সফর, যা বহু ত্যাগ আর কঠোর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে।"
প্রসঙ্গত, 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, পল্লবী জোশী, সিমরত কৌর, অনুপম খের, শাশ্বতা চট্টোপাধ্যায়, নমশি চক্রবর্তী সহ আরও অনেকে। উল্লেখ্য, এর আগে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির সময়ও রাজ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। এবার 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে সেই একই বিতর্কের আবহ থাকলেও, রাজনৈতিক পালাবদলের ইঙ্গিতে ছবিটির মুক্তি এক অন্য মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে মহানগরীর কতগুলি প্রেক্ষাগৃহে এই ছবি প্রদর্শিত হয়, এখন সেটাই দেখার।