Alka Yagnik Health Update: 'শ্রবণশক্তি হারিয়েছি, লড়ছি কঠিন অসুখের সঙ্গে', পদ্মভূষণ গ্রহণের পর আবেগঘন অলকা

Alka Yagnik News: ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিককে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ-এ ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পরই সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শিল্পী।

Advertisement
'শ্রবণশক্তি হারিয়েছি, লড়ছি কঠিন অসুখের সঙ্গে', পদ্মভূষণ গ্রহণের পর আবেগঘন অলকাঅলকা ইয়াগনিক (ছবি: পিটিআই)

২৩ জুন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিককে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ-এ ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পরই সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শিল্পী। সেখানে তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর দীর্ঘ অসুস্থতা এবং গত দু'বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকার আসল কারণ।  

কী হয়েছে অলকা ইয়াগনিকের?

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে এসেছিলেন অলকা। তবে ৬০ বছর বয়সি এই কিংবদন্তি গায়িকাকে যখন এক ব্যক্তির সাহায্যে ধীর পায়ে মঞ্চে উঠতে দেখা যায়, তখন তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। এরপরই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন তিনি।

অলকা জানান, আচমকা এক ভাইরাল অ্যাটাকের (Viral Attack) কারণে তিনি 'বিরল স্নায়বিক বধিরতা' বা সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লসের (Sensory Neural Nerve Hearing Loss) শিকার হন। এই কঠিন অসুখের কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি বাধ্য হন জনসমক্ষ ও প্রচারের আলো থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখতে।

অনুরাগীদের প্রতি আবেগঘন বার্তা

দীর্ঘদিন অন্তরালে থাকার পর অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে গায়িকা তাঁর পোস্টে লিখেছেন, "গত ২ বছর ধরে আমি স্পটলাইট থেকে দূরে রয়েছি। জনসমক্ষে আসা বা নিজের সফরের কথা ভাগ করে নেওয়া থেকে বিরত ছিলাম। আপনারা অনেকেই জানেন, আমি এক অত্যন্ত কঠিন শারীরিক পরিস্থিতির (শ্রবণশক্তি হারানোর লড়াই) মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই লড়াইয়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং অবিচল সমর্থন প্রতি মুহূর্তে আমার সঙ্গী ছিল।"

'এই সম্মান আসলে শ্রোতাদের'

পদ্মভূষণ প্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত এবং একই সঙ্গে বিনম্র অলকা লেখেন, "আজ যখন দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মভূষণ' গ্রহণ করতে এলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় কানায় কানায় পূর্ণ। এই সম্মান আমি অত্যন্ত বিনম্র চিত্তে গ্রহণ করছি। পদকে যদিও আমার নাম খোদাই করা রয়েছে, কিন্তু এই সম্মান আসলে সেই অগণিত শ্রোতার, যাঁরা নিজেদের জীবনে আমার কণ্ঠকে জায়গা দিয়েছেন। আমার গানগুলিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দিয়েছেন এবং জীবনের সমস্ত ওঠাপড়ায় আমার পাশে থেকেছেন।"

Advertisement

ঘুরে দাঁড়ানোর লড়াই

এই বিশেষ মুহূর্তটিকে কেবল নিজের কাজের স্বীকৃতি হিসেবেই দেখছেন না অলকা, বরং এটি তাঁর কাছে ভালোবাসা ও সাহসের প্রতীক। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার বার্তা দিয়ে তিনি বলেন, "আমি ধীরে ধীরে ফের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ আমি এখানে সশরীরে উপস্থিত থাকতে চেয়েছিলাম কেবল নিজের জন্য নয়, বরং আমার এই দীর্ঘ সফরের সঙ্গী হওয়া প্রতিটি মানুষের জন্য।"

 

পরিশেষে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রক ও ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিল্পী। তিনি জানান, আজ তিনি কেবল একটি পুরস্কারই গ্রহণ করেননি, বরং সেই লক্ষ লক্ষ মানুষের অফুরন্ত ভালোবাসাও অনুভব করেছেন, যাঁরা তাঁর সঙ্গীত জীবনের অবিচ্ছেদ্য অংশ।

প্রসঙ্গত, নয়ের দশকের অলকা ইয়াগনিকের গানগুলি আজও শ্রোতাদের প্লে-লিস্টে থাকে। এখনও তাঁর গানগুলি সুপারহিট। শুধু বলিউডে নয়, দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। পঁচিশের বেশি ভাষায়, একুশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। দু'বার জাতীয় পুরস্কারও জিতেছেন। শুধু তাই নয়, ২০২২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে মোস্ট স্ট্রিমড আর্টিস্টের শিরোপা দেন।

 

POST A COMMENT
Advertisement