
অস্কার পুরস্কার ২০২৬২০২৬ সালের অস্কার (Oscar 2026) বা 98th Academy Awards এবার বেশ কয়েকটি চমক ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। বিশ্বের সবচেয়ে বড় সম্মানের এই মঞ্চে একাধিক ছবির মধ্যে শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিতল One Battle After Another। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। এই অ্যাকশন মুভিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। সেরা ছবি ছাড়াও এই সিনেমা একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে অস্কারের অন্যতম বড় সেরা মুহূর্তের সাক্ষী।
সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন
এই ছবির জন্যই সেরা পরিচালকের অস্কার জিতলেন পল থমাস অ্যান্ডারসন। পাশাপাশি ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কারও তাঁর ঝুলিতেই গিয়েছে। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতলেন স্যাঁ পেন। ফলে বলা যায়, এবারের অস্কার মঞ্চে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এরই জয়জয়কার।
অভিনয় বিভাগেও থাকল বেশ কিছু চমক। সেরা অভিনেতার অস্কার জেতেন মাইকেল বি জর্ডন। তিনি এই সম্মান পান Sinners ছবির জন্য। দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁর প্রশংসা করেছেন সমালোচকরাও। অন্যদিকে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন জেসি বাকলে। Hamnet ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতলেন তিনি। তিনিই প্রথম আইরিশ অভিনেত্রী যিনি এই বিভাগে অস্কার জিতলেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন অ্যামি মেডিগান। তিনি এই সম্মান পেলেন Weapons ছবির জন্য। তাঁর অভিনয়ও এ বছর দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।

প্রথম মহিলা সিনেমাটোগ্র্যাফারের অস্কার প্রাপ্তি
প্রযুক্তিগত বিভাগেও বেশ কিছু ছবির সাফল্য চোখে পড়ার মতো। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জেতে Sinners। এই বিভাগের জন্য অস্কার পান অটাম ডুরাল্ড অর্কপাও। তিনিই প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার যিনি এই বিভাগে অস্কার জিতলেন। একই ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেলেন পরিচালক রিয়ান কুগলার। সেরা ভিজ্যুয়াল এফেক্টের পুরস্কার জিতে নেয় অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ। অন্যদিকে সেরা সাউন্ডের পুরস্কার গেল F1 ছবির ঝুলিতে। সেরা প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এবং মেকআপ ও হেয়ারস্টাইলিং, এই তিনটি বিভাগেই অস্কার জিতে নিলেন ফ্রাঙ্কেস্টাইন। আন্তর্জাতিক ছবির বিভাগেও ছিল বড় চমক। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার জিতে নেয় নরওয়ের ছবি সেন্টিমেন্টাল ভ্যালু। এই বিভাগে নরওয়ের প্রথম অস্কার জয়।
পাপারাত্জিদের নজর কাড়লেন প্রিয়াঙ্কা ও নিক
অ্যানিমেশন বিভাগেও ছিল তীব্র প্রতিযোগিতা। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জেতে KPop ডিমন হান্টার্স। এই ছবির ‘গোল্ডেন’ গানটি আবার সেরা মৌলিক গানের অস্কারও জিতল। অস্কারের মঞ্চ মানেই শুধু পুরস্কার নয়, থাকে গ্ল্যামারও। এবারের রেড কার্পেটে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস।

দু’জনের উপস্থিতি দর্শক ও ফটোগ্রাফারদের নজর কেড়ে নেয়। প্রিয়াঙ্কা সাদা স্ট্র্যাপলেস ডিওর গাউনে নজর কেড়েছিলেন। তাঁর পোশাকে ছিল উঁচু স্লিট এবং কালোসাদা রাফলসের লম্বা ট্রেইল। সঙ্গে ছিল হিরের নেকলেস ও ডায়মন্ড স্টাড কানের দুল। সব মিলিয়ে এবারের অস্কারের রেড কার্পেটে তিনি ছিলেন অন্যতম আকর্ষণ।