আর্টিস্ট ফোরামের চিঠি রাহুলের মৃত্যুর ঘটনায় এবার প্রযোজক সংস্থাকে কড়া চিঠি আর্টিস্ট ফোরামের। কেন রাহুলকে দুর্ঘটনায় পড়তে হল? ঠিক কী হয়েছিল সেদিন? এমন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাওয়া হল। চিঠির যথাযথ উত্তর না দেওয়া হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে।
গত রবিবার ওড়িশার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের। তারপর থেকেই শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতজনের সামনে কীভাবে দুর্ঘটনা ঘটল, কেন অভিনেতাকে বাঁচানো গেল না, এমন একাধিক প্রশ্ন তুলেছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। অনেকে তো ঘটনার পুলিশি তদন্তের দাবিও জানিয়েছেন। সেই দাবি আরও জোরালো হয়েছে, সেদিন শ্যুটিং স্পটে উপস্থিত ব্যক্তিদের স্ববিরোধী বক্তব্যে।
এই বিতর্কের আবহে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দেওয়া হল। সেখানে জানানো হয়েছে, প্রযোজন সংস্থার কাছে গোটা ঘটনার যথাযথ উত্তর চাওয়া হয়েছে। সেখানে লেখা, 'গত কয়েক দিন ধরে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছেন তাতে খুবই চিন্তিত হয়ে পড়েছে সবাই। এতরকম বিতর্কিত মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্নগুলি, কেন রাহুল কে এই দুর্ঘটনায় পড়তে হল? তাহলে কি বিপদে পড়া কোনো শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচানোর কোন ব্যবস্থা প্রযোজকদের তরফ থেকে আগে থেকে করা হয়নি? এই বিপজ্জনক জায়গাতে শুটিং করা হলো বা কেন? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে তার পরিবার, তার বন্ধুরা, তার অনুগামী দর্শকরা এবং আমরা তার সহকর্মীরা।'
যদিও আজই ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতি জারি করা হয়। জানানো হয়, তাঁদের তরফে কলাকুশীলবদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। কিন্তু এখনও অনেকে শোকাহত, সেজন্য তাঁরা কথা বলার মতো অবস্থায় নেই। গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে- এমন প্রতিশ্রুতিও দেওয়া হয় প্রযোজক সংস্থার তরফে।