Dadagiri Unlimited New Host: 'দাদাগিরি'-তে এবার সৌরভের জায়গায় নতুন সঞ্চালক লিয়েন্ডার? জোর জল্পনা

Dadagiri Unlimited New Season: সকলেই অপেক্ষায় রয়েছেন কবে 'দাদাগিরি'-র পরের সিজন শুরু হবে। 'সা রে গা মা পা'-গানের রিয়্যালটি শো শেষ হলে খুদে প্রতিভাদের নিয়ে একটি নন-ফিকশন শো- 'ড্রামাবাজ' শুরু হবে। শোনা যাচ্ছে তারপরেই নাকি শুরু হবে 'দাদাগিরি'-র নতুন সিজন।

Advertisement
'দাদাগিরি'-তে এবার সৌরভের জায়গায় লিয়েন্ডার? জোর জল্পনা সৌরভ, লিয়েন্ডার

২০২৪-র মে মাসে 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ১০-র গ্র্যান্ড ফিনালে হয়েছিল। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে পরের সিজন শুরু হবে। জি বাংলায় এখন চলছে 'সা রে গা মা পা'। গানের রিয়্যালটি শো শেষ হলে খুদে প্রতিভাদের নিয়ে একটি নন-ফিকশন শো- 'ড্রামাবাজ' শুরু হবে। শোনা যাচ্ছে তারপরেই নাকি শুরু হবে 'দাদাগিরি'-র নতুন সিজন। এসব তো ঠিক আছে। প্রশ্ন হল 'দাদাগিরি'-র 'দাদা' কই? জি-এর হাত ছেড়ে, স্টার জলসা হাত ধরেছেন সকলের প্রিয় দাদা- সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার 'বিগ বস বাংলা' সঞ্চালনা করবেন তিনি। শুধু তাই নয়, 'বিগ বস' শেষ হওয়ার পরে, এই চ্যানেলেই কিছুটা 'দাদাগিরি'-র আদলে একটি নতুন ফরম্যাটের শো সঞ্চালনার ভার রয়েছে সৌরভেরই কাঁধে। 

এবার কে সঞ্চালনা করবেন 'দাদাগিরি', এই নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। চর্চায় উঠে এসেছে বেশ কিছু নাম। সে তালিকায় যেমন রয়েছে মেগাস্টার দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের নাম, সেরকম আরও একটি নাম শোনা যাচ্ছে। স্টুডিওপাড়ার জোরালো জল্পনা, এবার নাকি লিয়েন্ডার পেজকে দেখা যাবে সৌরভের জায়গায়। এই নিয়ে নাকি চ্যানেলের প্রাথমিক কথাবার্তাও হয়েছে প্রাক্তন অলিম্পিক পদক-জয়ী টেনিস তারকার সঙ্গে। আজতক বাংলার তরফে যোগাযোগ করা হয় লিয়েন্ডারের সঙ্গে। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি। এমনকী, তিনি এই খবরটি নিশ্চিত করেননি।            

সমাজের ভিন্ন স্তরের কৃতি বাঙালিরা এসেছিলেন এর আগে 'দাদাগিরি'-র মঞ্চে। 'দাদাগিরি' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শক বিপুল ভাবে এটি উপভোগ করে। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই শো। এরপর নয়টি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। এবার দেখার এই জনপ্রিয় শো সঞ্চালনার দায়ভার কে পান। 

Advertisement

প্রসঙ্গত, ক্রীড়াজগতের মতো বাংলা টেলিভিশনেও সফল সৌরভ গঙ্গোপাধ্যায়। বলা যায়, ছোট পর্দার ময়দানেও তিনি প্রতিবারই ছক্কা হাঁকিয়েছেন। এবার জি বাংলা নয়,  স্টার জলসার পর্দায় সঞ্চালক রূপে দেখা যাবে সৌরভকে। পরবর্তী চার বছর এই চ্যানেলে দুটো শো সামলাবেন তিনি। স্টারের সঙ্গে সৌরভের আগামী চার বছরের জন্য চুক্তি হয়েছে ১২৫ কোটি টাকার। ফলে আগামী চার বছর তাঁকে আর দেখা যাবে না 'দাদাগিরি আনলিমিটেড'-এ। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এই শো শেষ হলে শুরু হবে অন্য নন- ফিকশন শোটি। 


 

POST A COMMENT
Advertisement