Didi No 1 Timing Changed: শুধু 'দিদি' নয়, সম্প্রচারের সময়ও পাল্টাচ্ছে 'দিদি নম্বর ১'-র! নতুন ফরম্যাট কেমন হবে?

Didi No 1 Updates: এক যুগের বেশি সময় ধরে ছোটপর্দার দর্শকদের  প্রিয় গেম শো 'দিদি নম্বর ১'। এত দীর্ঘ সময় ধরে চললেও, দর্শক মনে একটুও ফিকে হয়নি জি বাংলার এই নন -ফিকশন শো।

Advertisement
শুধু 'দিদি' নয়, সম্প্রচারের সময়ও পাল্টাচ্ছে 'দিদি নম্বর ১'-র! নতুন ফরম্যাট কেমন হবে?   স্বস্তিকা, রচনা

জল্পনাই সত্যি। সঞ্চালিকা বদল হচ্ছে 'দিদি নম্বর ১'-র। বাদ পড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা নিতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন প্রমো প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো হৈচৈ টেলিপাড়ায়। এক যুগের বেশি সময় ধরে ছোটপর্দার দর্শকদের  প্রিয় গেম শো 'দিদি নম্বর ১'। এত দীর্ঘ সময় ধরে চললেও, দর্শক মনে একটুও ফিকে হয়নি জি বাংলার এই নন -ফিকশন শো। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের।  

নাচ -গান -আড্ডা -হুল্লোড়ে একদিকে যেমন জমজমাট পর্বের সাক্ষী থাকেন দর্শক, সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্তের দিদিরা শেয়ার করেন, তাদের জীবনযুদ্ধ ও সাফল্যের জার্নি।  এতদিন শোয়ের সঞ্চালিকা ছিলেন রচনা। প্রায়শই 'দিদি নম্বর ১'-এ থাকে নানা রকম চমক। শীঘ্রই শুরু হতে চলেছে 'দিদি নম্বর ১'-র নতুন সিজন।   

'দিদি নম্বর ১'-র সিজন ১০। এবার চার জন দিদি নয়, খেলা হবে ১০ জন দিদিকে নিয়ে। ১০ গুন মজা আর ১০ গুন পুরস্কার থাকবে এই নতুন সিজনে। আগামী ২৯ জুন থেকে বদল হচ্ছে শোয়ের সময়ও। এতদিন বিকালে দেখা যেত। তবে এবার থেকে সোম থেকে শুক্রবার রাত ১০.১৫ মিনিটে সম্প্রচার হবে 'দিদি নম্বর ১'। তবে ফরম্যাটে আর কোনও বদল থাকবে কিনা, তা কখনও স্পষ্ট নয়। যদিও স্বস্তিকাকে নতুন 'দিদি' রূপে দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, "দিদি নম্বর ১ মানে রচনা ছাড়া আর কেউ না...।" আবার একজন লিখেছেন, "এই শো পুরো ফ্লপ হবে...।" এক নেটিজেনের মন্তব্য, "সরকারও চেঞ্জ আর দিদিও চেঞ্জ...।" 

তবে শুধুই যে নেতিবাচক মন্তব্যে কমেন্ট বক্স ভরছে তা কিন্তু নয়। বহু দর্শক লিখেছেন, এবার থেকে তারা নিয়মিত দেখবেন এই শো। আবার যারা বিকালে ব্যস্ত থাকেন, তারা খুবই খুশি রাতের স্লটে পাঠানোর জন্য। 'দিদি নম্বর ১' নিয়ে এতদিন মুখ খোলেননি স্বস্তিকা। তবে এবার নেটিজেনদের মন্তব্যের উত্তর দিয়েছেন। নায়িকা লিখেছেন, "আমি সব সময়ই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি এই শোয়ের সমস্ত দর্শক নতুন সিজন উপভোগ করবেন। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এই শো’টি কিন্তু ১০ বছর নয়, টানা ২০ বছর ধরে চলছে! তাই এটা একটা মস্ত বড় দায়িত্ব।" 

Advertisement

 

প্রসঙ্গত, 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। এত দিন হিট ছিলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগের বেশিরভাগ সিজনেরই সঞ্চালিকা ছিলেন রচনা। প্রথম সিজনে এই দায়িত্ব পালন করেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়া সিজন ৩ -এ জুন মালিয়া এবং সিজন ৫-এ দেবশ্রী রায়কেও সঞ্চালিকা হিসাবে দেখা গেছে। সিজন ৮- এ রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হওয়ার পর, তিনি কয়েক দিনের বিরতি নেন। সেই সময় সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সেই দায়িত্ব সামলেছেন কিছুদিন। এছাড়া রাজনৈতিক প্রচারের কাজে যখন রচনা ব্যস্ত ছিলেন, তখন এই শো সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এবার দেখার নতুন মোড়কে, নতুন 'দিদি'কে নিয়ে, নতুন সময়ে কতটা সফল হয় 'দিদি নম্বর ১' সিজন ১০।    


 

POST A COMMENT
Advertisement