
লাভলী মৈত্র বিধানসভা নির্বাচন (Bidhansabha Nirvachan) একেবারে দোরগোড়ায়। নির্বাচনী নির্ঘণ্ট (Election Dates) সামনে এসেছে। বেশিরভাগ দলের প্রার্থী তালিকা (Election Candidates) প্রকাশ্যে এসেছে। চারিদিক ভোট- ভোট আবহ। এমনকী, বিভিন্ন দলের প্রার্থীরা পুরোদমে প্রচার শুরু করেছেন। ভোটের আগে, সক্রিয় রাজনীতিতে যোগদান, দল বদল ইত্যাদি চেনা ছবি। এবছর ফের সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূল- কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন অভিনেত্রী অরুন্ধতী মৈত্র। যিনি লাভলী মৈত্র নামে পরিচিত।
বাকিদের মতো লাভলীও জোর কদমে প্রচার চালাচ্ছেন। এদিকে এই মুহূর্তে লাভলী কাজ করছেন 'চিরসখা' ধারাবাহিকে। যেখানে মুখ্য চরিত্র কমলিনীর পুত্রবধূ মিটিল চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে তাঁর চরিত্রটি অত্যন্ত প্রতিবাদী, ন্যায্য কথা বলে। যেহেতু এটা একটা পারিবারিক মেগা সিরিয়াল, তাই কমলিনী- সৌজন্য মুখ্য চরিত্র হলেও, তাদের পরিবারের প্রায় প্রতিটা চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, মিঠির জীবনে বড় বদল ঘটেছে। এদিকে আগমন হয়েছে এক ক্ষুদে সদস্যর। সব মিলিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে। এদিকে, বেশ কিছুদিন ধরেই দেখা মিলছে না মিটিলের। কারও বুঝতে বাকি নেই, নির্বাচনী কাজের ব্যস্ততার জন্যই শ্যুটিং করতে পারছেন না লাভলী। তবে ভোটের ফল ঘোষণ হবে ৪ মে। এরপর, জিতলে আরও বেশ কিছুদিনের চরম ব্যস্ততা। তাহলে আরও এক মাসের বেশি, শ্যুটিং না করলে, কী হবে মিটিল চরিত্রের? ধারাবাহিকে কি অন্য কোনও কিছু দেখানো হবে, নাকি লাভলীর জায়গা নেবেন অন্য কোনও অভিনেত্রী?

এপ্রসঙ্গে আজতক বাংলার তরফে যোগাযোগের চেষ্টা করা হয় লাভলী ও ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে দু'জনের কাউকেই পাওয়া যায়নি। সংবাদমাধ্যমকে লীনা বলেন, "আমাকে লাভলি আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি। তাই আমি কিছু জানি না। যদি জানতে পারি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।" এদিকে টলিপাড়ায় জল্পনা, রাজনৈতিক চাপ বাড়তেই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লাভলী। যদিও তিনি বা চ্যানেল কর্তৃপক্ষের তরফেও এবিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০২১ সালে সোনারপুর দক্ষিণ থেকেই প্রার্থী হয়ে, ভোটে জিতে এতদিন বিধায়ক ছিলেন লাভলী। এবারও একই কেন্দ্র। এদিকে তাঁর টক্কর হবে বিজেপি-র দাপুটে নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্তের সঙ্গে। এবার দেখার কে হাসে জয়ের হাসি।