
পায়েল, রাহুল, জিতু (ছবি: ফেসবুক)রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের আকস্মিক মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউ। কাজে ফিরতে হয়েছে ঠিকই, তবে প্রায় সকলের মনেই রয়েছে একগুচ্ছ প্রশ্ন। এই মৃত্যু ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের সমন পাঠানো হয়েছে। চলছে তদন্ত। সেদিনই 'জাস্টিস ফর রাহুল' মিছিলের হেঁটেছিলেন টলিপাড়ার অনেকে। টলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হয়েছিলেন অভিনেতা জিতু কমলও। সেখানে রাহুলের সাদা-কালো, ফুলের মালা পরানো ছবির পাশে দেখা যায় জিতু কমলের একই রকম ছবি! প্রথমে সকলে হতবাক হলেও, পরে আসল ব্যাপারটা বোঝা যায়। তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে এই অভিযোগ তুলে, প্রতিবাদ করতে নিজেই নিজের সাদা- কালো ছবিতে মালা পরিয়েছিলেন জিতু।

এই ঘটনার পরে তীব্র সমালোচনার শিকার হতে হয় জিতুকে। কেউ বলেন 'সস্তার প্রচার', তো কেউ 'ফুটেজখোর' বলে কটাক্ষ করেন। এবার ধারাবাহিকের সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন পায়েল দে। পাল্টা জবাব ছুড়েছেন জিতু নিজেও। রাহুলের সেই সাদা- কালো ছবিটি এখন রাখা আর্টিস্ট ফোরামের অফিসে। সেই ছবি পায়েল শেয়ার করে কারও নাম না উল্লেখ করে লেখেন, "দাদা গো, তোমার এই ছবিটায় মালা পরানো হয়েছিল। ওটা টেকনিশিয়ান্স স্টুডিওর গাছের তলায় পড়ে ছিল। যিশুদা আর ইন্দ্রাশিসদা সেটা আপাতত ফোরামের অফিসে রেখে দিয়েছে, খুব যত্ন করে রাখা আছে ফোরামের অফিসে। বলছি, উনি কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিয়ে ভুলে গিয়েছিলেন? একটু জানতে ইচ্ছে হল। আর্টিস্ট ফোরামের একজন কর্মী আর রাহুলদার বোন হয়ে...।"
এই পোস্টটি শেয়ার করে জিতু পাল্টা সাফাই দিয়েছেন। অভিনেতা লিখেছেন, আমি, আমার আর রাহুলদার ছবিটা রেখে এসেছিলাম ,কারণ আমি জানি মৃত মানুষের ছবি ফোরামের চোখে আগে পরে আর আমার ছবিটা রেখে এসেছিলাম যাতে আমার কমপ্লেনের কথাটা আপনাদের মনে থাকে। তাই জন্যেই আর্টিস্ট ফোরামের অফিসের নিচেই রেখে এসেছিলাম। দু'দিন পরও আমি টেকনিশিয়ানে যাই, আমি কিন্তু ছবিটা আর্টিস্ট ফোরামে দেখিনি, ইলেকট্রিক বক্স এর ওপর থাকতে দেখি। তা আজ হঠাৎ কথাটা তুললেন,নিশ্চয়ই আপনাদের ইন্সট্রাকশন আছে। করুন, বলুন অসুবিধা নেই। চোখ তো একদিন নিশ্চয়ই খুলবে আপনারও। আর আপনার মত আক্রমণ যে আরো আসবে সেটা আমি জানতামই, আগেই বলেছি। করুন, তাতেও অসুবিধা নেই। আমি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনিই ঠিক, আমার কমপ্লেন দেওয়াটা ভুল। কখনও কোনও প্রোডিউসার কমপ্লেন দিলে, দিনের দিন ডেকে পাঠাবেন কেমন,ভৎসনা করার জন্য।" জিতু আরও লেখেন, "আপনি প্রতিবাদী, শিক্ষিতা এবং সম্মানের যোগ্য। আমার প্রতিবাদ যদি আপনাকে কোনওভাবে ব্যথা দিয়ে থাকে, আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী।"

প্রসঙ্গত, প্রকাশ্যে জিতু ও পায়েলের এই কাদা ছোড়াছুড়ি নিয়ে শুক্রবার রাত থেকেই বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। বর্তমানে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য- জিতুর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করছেন পায়েল দে। একসঙ্গে তাঁদের স্ক্রিনও শেয়ার করতে দেখা যায়। এবার দেখার, দুই অভিনেতার এই অন্তর্দ্বন্দ্বের প্রভাব পর্দাতেও পড়ে কিনা। এর আগেও সহ-শিল্পী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে সমস্যা হয় জিতুর। তাঁর নামে অনেক অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া। এরপর, ধারাবাহিকটি ছেড়ে দেন অভিনেত্রী।