রচনা বন্দোপাধ্যায়বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার 'দিদি'। দর্শকদের মনের খুব কাছের তিনি। অভিনেত্রীকে অনেকেই নিজেদের আদর্শ বলে মনে করেন। বিনোদন দুনিয়ার পাশাপাশি হুগলী জেলা নিয়েও তাঁর দায়িত্ব অনেক। হুগলীর সাংসদ তিনি। তবে, সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই চরম কটাক্ষের শিকার হন অভিনেত্রী- সাংসদ।
কখনও রামদেবের সঙ্গে ছবি শেয়ার করে, তো কখনও হুগলীতে 'কারখানার ধোঁয়াই ধোঁয়া' মন্তব্য, আবার কখনও তাঁর চোখের জল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রচনা। ইফতার পার্টিতে গিয়েও নিয়ে ঠিক মতো না খাওয়ায় এবং চোখে মুখে বিরক্তি প্রকাশ করায় চরম কটাক্ষের মুখে পড়েন তিনি। এবার ফের চর্চায় রচনা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির কমেন্ট বক্সে নিন্দের ঝড়। ঠিক কী ঘটেছে।
রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচনের প্রচার একেবারে তুঙ্গে। সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের নোয়াপাড়ার প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়েছিলেন রচনা। আর সেখানে গিয়েই চরম কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। আসলে নায়িকাকে দেখে, উপস্থিত সকলে হাত মেলাতে চাইছেন। আর সেখানেই ঘটেছে বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তদের সঙ্গে দায়সারা ভাবে হাত মেলাচ্ছেন তিনি। কারও সঙ্গে আবার শুধু আঙুল ছুঁয়ে দিচ্ছেন। এই দেখেই, নেটিজেনরা চটেছেন।
এক নেটিজেন লিখেছেন, 'মানুষের জন্য এরা পরিচিত আবার মানুষকে দেখে ঘৃণা করে...'। আরেকজনের মন্তব্য, 'এরা নাকি সাধারণ মানুষের জন্য কাজ করবে আগে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে শিখুক...।' একজন লিখেছেন, 'রচনাদি এদের সঙ্গে যেমন করছে, উনি শাহরুখ খানের সঙ্গে হাতে মেলালে এরকমই ব্যবহার পাবেন...।'
প্রসঙ্গত, 'দিদি নম্বর ১'-র সঞ্চালনার পাশাপাশি সাংসদীয় কাজে ব্যস্ত রচনা। অন্যদিকে রচনার শাড়ির ব্যবসাও আছে, যেটার দেখভাল করেন স্বামী প্রবীর। রাজনীতিতে যোগ দেওয়ার পর তাঁর ব্যস্ততা যে বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই লুকোছাপা করেননি রচনা বন্দোপাধ্যায়। স্বামী প্রবাল বসুর সঙ্গে থাকেন না বহু বছর ঠিকই, কিন্তু বিচ্ছেদও হয়নি তাঁদের। ছেলে প্রনীলকে নিয়ে থাকেন অভিনেত্রী। ছেলেকে কো-পেরেন্টিং করছেন রচনা ও তাঁর স্বামী। তবে লোকসভা নির্বাচনের সময় থেকে রচনা- প্রবালের দূরত্ব আরও অনেকটাই মিটেছে। কর্মব্যস্ততার থেকে মাঝে মধ্যেই বিরতি নিয়ে ঘুরতে যান নায়িকা।