কিরেন রিজিজুর গাড়ি দুর্ঘটনার মুখে। শনিবার অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তাঁর গাড়ির সঙ্গে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীও সম্পূর্ণ সুস্থ আছেন। রামবান জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কনভয় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা দেয়। তড়িঘড়ি করে নিরাপত্তা কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে বসিয়ে দেন।
খবর পেয়ে স্থানীয় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। শুরু হয় প্রাথমিক তদন্ত। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার পর নিরাপত্তা কর্মীদের কিরেন রিজিজুর গাড়ির কাছে দৌড়তেও দেখা গিয়েছে। তার পর কেন্দ্রীয় মন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়ির দিকে নিয়ে যেতে দেখা যায়।
রামবান পুলিশের তরফে বলা হয়েছে, সড়কপথে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়ি একটি ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় কেউ আহত হয়নি। কিরেন রিজিজুকে নিরাপদে তাঁর গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- ঠান্ডার ধাত, গলা ব্যথা থেকে সর্দিকাশি- দিদা-ঠাকুমার টোটকায় উপশম