দুর্গাপুজো ২০২৬আর কটা দিন। চলে এল বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাঁধা। কেনাকাটাও শুরু হয়ে যাবে। তারপর সারা রাত ঘুরে পুজো দেখা তো আছেই। চলতি বছর অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজো।
পুজো এলেই একটা কৌতূহল সকলের থাকে, সেটা হল ২০২৬ সালে কবে দেবী দুর্গার আগমন, আর গমন কীসে। সেই সঙ্গে জেনে নিন মহালয়া থেকে দশমীর দিনক্ষণ।
বাংলা পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষে পূজিত হন দেবী দুর্গা। দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের পিছনে থাকে কার্যকারণ। তা আগামীর ইঙ্গিতবাহী। সপ্তমী ও দশমী তিথির উপর নির্ভর করছে দেবীর আগমন এবং গমনের বাহন। এই যেমন সপ্তমী ও দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন। আর সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে আগমন বা গমন ঘোড়ায়। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন। সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন।
২০২৬ সালে দেবীর আগমন ও গমন
২০২৬ সালে দেবীর আগমন ঘোড়ায়। এর মানে, ছত্রভংস্তুরঙ্গমে। ছত্রভঙ্গ বা ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। চলতি বছর দেবীর গমন নৌকায়। যা শস্যশ্যামলা বসুন্ধরার ইঙ্গিত দেয়।
এছাড়া দেবীর অন্যান্য বাহনের অর্থ কী?
দোলা: দেবীর দোলায় আসার অর্থ হল বিশ্বে মহামারির প্রাদুর্ভাব।
গজ: দেবীর গজ বা হাতিতে আসার অর্থ হল সমৃদ্ধি।
২০২৬ সালে পুজোর নির্ঘণ্ট
চলতি বছর মহালয়া ১০ অক্টোবর, শনিবার। পিতৃপক্ষের অবসান। শুরু হয়ে যাবে দেবীপক্ষ। ভোরে রেডিওয় মহিষাসুরমর্দ্দিনী শোনার দিন। এক সপ্তাহ পরে ১৭ অক্টোবর, শনিবার ষষ্ঠী। ঔপচারিতা মেনে দেবীর বোধন। রবিবার সপ্তমী। কলা বউ স্নান ও নবপত্রিকার মাধ্যমে শুরু পুজো। সোমবার মহাষ্টমী। ওই দিন সকাল সকাল অঞ্জলি দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে বেরিয়ে পড়া। ২০ অক্টোবর, মঙ্গলবার নবমী। আর ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী।
মহালয়া: ১০ অক্টোবর(২২ আশ্বিন), শনিবার
পঞ্চমী: ১৬ অক্টোবর (২৭ আশ্বিন), শুক্রবার
ষষ্ঠী: ১৭ অক্টোবর (২৮ আশ্বিন), শনিবার
সপ্তমী: ১৮ অক্টোবর (২৯ আশ্বিন), রবিবার
মহাষ্টমী: ১৯ অক্টোবর (৩০ আশ্বিন), সোমবার
মহানবমী: ২০ অক্টোবর (১ কার্তিক), মঙ্গলবার
দশমী: ২১ অক্টোবর (২ কার্তিক), বুধবার