অধীর চৌধুরীমমতা বন্দ্যোপাধ্যায় শিকার করতে বেরিয়ে পড়েছেন বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী। তাঁর দাবি, প্রথম দফার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তিনি হারতে চলেছেন। আর সে কারণেই কংগ্রেসের থেকে প্রার্থীদের কেনার চেষ্টা চালাচ্ছেন I PAC-এর মাধ্যমে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার অধীর চৌধুরী বড় দাবি করেন। রাঘব চাড্ডার দলবদল প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'BJP রাঘব চাড্ডাকে ফুঁসলিয়ে দলে নিয়েছে।' সঙ্গে তাঁর সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ও শিকার করতে নেমে পড়েছেন কংগ্রেসের লোকেদের। তিনি বুঝে গিয়েছেন, তাঁর মাথার উপর বিপদ ঘনিয়ে আসছে। আর তাই তিনি ময়দানে নেমে পড়েছেন। I PAC-কে দিয়ে শিকার করছেন তিনি। BJP যেমন শিকারের রাজনীতি করে, মমতাও তেমন বাংলায় শিকারের রাজনীতি করেন।'
ভোটের দিন অধীর চৌধুরীর বলেছিলেন, এই বিপুল সংখ্যক ভোটদানের নেপথ্যে কাজ করছে এক গভীর অনিশ্চয়তা। তিনি বলেন, 'তৃণমূলের হয়ে ভোট না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন না এবং তার ফলে সরকারি আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে, এমন এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।' BJP-র পাল্টা আর্থিক প্রকল্পের প্রতিশ্রুতি কেন কাজ করছে না, সেই প্রসঙ্গে অধীরবাবু মনে করেন, যারা বর্তমানে টাকা দিচ্ছে এবং যারা ভবিষ্যতে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের কাছে এই দুয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। দীর্ঘ তিন দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত অধীর চৌধুরী ফের একবার তৃণমূল নেত্রীকে বিঁধেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল আসলে রাজ্যে কংগ্রেসকে ধ্বংস করে পরোক্ষভাবে BJP-র হাত শক্ত করছে।