কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?আজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে নেবে ভারতীয় জনতা পার্টি। সেই মতো রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবে বিজেপি। সেখানেই ঠিক হবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। যদিও সিএম কে হতে পারেন, তাঁর একটা আভাস আজ দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
তিনি বলেন, 'একজন জননেতা মুখ্যমন্ত্রী হবেন। যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, তিনিই হবেন।'
আর তাঁর এই বার্তা বিশেষভাবে ইঙ্গিতবাহী। তিনি যে কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন, সেটাও অনেকের কাছেই পরিষ্কার। যদিও একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে বিজেপিতে একাধিক জননেতা রয়েছেন। তাই কোনও একজনকে এখনই ধরে নেওয়া কোনওভাবেই ঠিক হবে না। বরং আরও একটু অপেক্ষা করতে হবে। তাহলেই সামনে চলে আসবে নাম।
কে হতে পারেন মুখ্যমন্ত্রী?
এই লিস্টে সবার প্রথমেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীর দায়িত্ব ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। তারপর ২০২১ সালে নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়েন্ট কিলার হন। এরপর তাঁর কাঁধেই দায়িত্ব চাপে বিরোধী দলনেতার কাজ সামলানোর। আর সেই কাজটাও খুব ভালভাবেই সামলেছেন শুভেন্দু।
পাশাপাশি ভোট রাজনীতিতেও বিরাট প্রভাব ফেলেছেন তিনি। ২০২৬ সালে ভবানীপুরে মমতাকে হারিয়েছেন। পাশাপাশি জিতেছেন নন্দীগ্রাম। এখানেই শেষ নয়, এর আগেও মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই শুভেন্দুর দিকে একটু বাড়তি ফোকাস থাকবেই। অনেকে রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন তিনিই হতে চলেছেন বাংলার পরিবর্তী মুখ্যমন্ত্রী।
যদিও শুভেন্দু একা নন, তার পাশাপাশি চর্চায় উঠে আসছে বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নাম। 'সভ্য-ভদ্র' বাঙালি অস্মিতার সঙ্গে মাননসই শমীককে শেষ মূহূর্তে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারে বিজেপি নেতৃত্ব বলে দাবি করছেন অনেকে। এছাড়াও মহিলা মুখের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পলের নাম উঠে আসছে। এখন দেখার সত্যিই কে মুখ্যমন্ত্রী হন।
দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো
আজ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে হোটেল যাওয়ার পথে একই গাড়িতে ছিলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। রাস্তায় তাঁদের একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জল্পনা রয়েছে।