ভোটারদের সুবিধা দিতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনেরপশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের সুবিধা দিতে নয়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে ৪ হাজার ৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র (অক্সিলারি পোলিং স্টেশন) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যে যে বুথে ভোটারের সংখ্যা ১ হাজার ২০০-এর বেশি, সেই জায়গাগুলিতে ভিড় কমাতে অতিরিক্ত এই সহযোগী বুথ তৈরির নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশের ফলে অক্সিলারি পোলিং স্টেশন-সহ রাজ্যজুড়ে মোট ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে হতে চলেছে ৮৫ হাজার ৩৭৯টি।
ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠিও লিখেছে। সহায়ক ভোটকেন্দ্র তৈরি এবং ভোটকেন্দ্র সরানোর বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার করার জন্যও কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে ভোটারদের। যেমন- মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের রুমে ঢোকা যাবে না, ভোট কেন্দ্রের বাইরে ফোন রাখার জায়গা তৈরি করা হবে। সেখানেই ফোন রাখা যাবে বলে জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
পাশাপাশি এবার থেকে EVM-এ প্রার্থীদের রঙিন প্রার্থী থাকবে বলে জানান হয়েছে। তাতে ভোটারদের সুবিধা হবে বলেই দাবি কমিশনের। আইনশৃঙ্খলা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এই যেমন এবার রাজ্যে বুথ পিছু ১২০০ ভোটার থাকবে বলে জানান হয়েছে। এর বেশি থাকবে না। এছাড়াও, ৮৫ ঊর্ধ্ব যে কোনও মানুষ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ি বসেই ভোট দিতে পারবেন। তাঁদের জোর করে আর যেতে হবে না ভোট কেন্দ্রে।
এছাড়া ছাব্বিশের ভোটে সমস্ত ভোট কেন্দ্র হবে গ্রাউন্ড ফ্লোরে। ভোটারদের যাতে সিঁড়ি ভেঙে উঠতে না হয়, সেটা নিশ্চিত করা হবে কমিশনের পক্ষ থেকে। শুধু তাই নয় প্রতিটা কেন্দ্রে টয়লেটের ব্যবস্থা করা হবে। এমনকী পানীয় জল যাতে মেলে, সেটাও নিশ্চিত করা হবে বলে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল হবে। ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।