ছবি পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হতেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেই অভিযোগ ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।
ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোটকেন্দ্রে ঢোকার সময় ছেলের সাহায্যে হাঁটতে থাকা ওই বৃদ্ধকে কেন্দ্রীয় বাহিনী হেনস্থা করে। একটি ভিডিও পোস্ট করে যেখানে মৃত ব্যক্তির দেহ ও শোকস্তব্ধ পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত বাহিনী-তে পরিণত হয়েছে। তারা ভোটারদের ভয় দেখিয়েছে।
অভিষেকের ট্যুইট, 'অমিত শাহর অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের উপর লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে। উদয়নারায়ণপুরে এক প্রবীণ ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। নিজে হাঁটতে অক্ষম হওয়ায় ছেলে তাঁকে বুথে ঢুকতে সাহায্য করছিল। সেই সময় কেন্দ্রীয় বাহিনী দু’জনকেই ধাক্কা দিয়ে হেনস্থা করে। বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়েন, তাঁকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।'
ওই পোস্টে অভিষেক আরও দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী মহিলাদের চড় মারছে। বয়স্কদের ওপর হামলা করছে। শিশুরাও রেহাই পাচ্ছে না। তাঁর কথায়, 'ভোর থেকেই এই কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। মহিলাদের চড় মারা হচ্ছে, বয়স্কদের ওপর হামলা হচ্ছে, এমনকি শিশুদেরও আক্রমণ করা হচ্ছে। এটি ২০২১ সালের শীতলকুচির মানসিকতা। ২০২৬ সালে বিজেপিকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে।'
তাঁর আরও হুঁশিয়ারি, 'তোমরা কোন রাজ্য থেকে এসেছ, তা গুরুত্বপূর্ণ নয়। কার রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছ, সেটাও নয়। এই বর্বরতার সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইনের মুখে ফেলা হবে।'