Mamata Banerjee: 'রাত জেগে স্ট্রংরুম পাহারা দেব ভবানীপুরে,' EVM বদলের আশঙ্কা মমতার

ভোটের রেজাল্ট বেরনোর আগেই বড়সড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে রাত জেগে ভবানীপুরের স্ট্রংরুম পাহারা দেবেন বলে জানালেন। বাকি প্রার্থীদেরও রাত জাগতে বললেন। আশঙ্কা প্রকাশ করলেন EVM বদল হয়ে যাওয়ার।

Advertisement
'রাত জেগে স্ট্রংরুম পাহারা দেব ভবানীপুরে,' EVM বদলের আশঙ্কা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বড়সড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা
  • রাত জেগে ভবানীপুরের স্ট্রংরুম পাহারা দেবেন
  • আশঙ্কা প্রকাশ করলেন EVM বদল হওয়ার

স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়ে EVM মেশিন বদলে দেওয়া হতে পারে! আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভবানীপুরের স্ট্রংরুম রাত জেগে তিনি পাহারা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাংলার ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশিই কর্মীদের সতর্কবার্তাও দেন। মমতা বলেন, 'আজ থেকেই স্ট্রংরুমে সকলে পাহারা দিন। দরকার হলে আমিও আমার কেন্দ্রে পাহারা দিতে নামব। ২৯৪ কেন্দ্রের প্রার্থীদেরই বলছি, দার্জিলিঙে আমাদের জোটসঙ্গী অনীতদেরও বলছি স্ট্রংরুম পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতে প্রার্থীরা নিজেরা জেগে থাকুন।' 

কেন এমনটা বলছেন মমতা? তাঁর আশঙ্কা স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়ে EVM মেশিন বদল করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, 'নজর রাখুন যাতে কোনওরকম গাফিলতি না হয়। আমি যতক্ষণ গণনার দিন প্রেস কনফারেন্স করব ততক্ষণ পর্যন্ত কেউ টেবিল ছাড়বেন না। মনে রাখবেন গণনার টেবিল থেকে নম্বর কম্পিউটারে তোলার সময়ে আমাদেরটা BJP-কে দিয়ে দিতে পারে। BJP-রটা দিয়ে দেবে আমাদের। আমি প্রার্থী হিসেবে কাউন্টিংয়ের সময়ে হানা দিতে পারি। বাথরুমে যেতে হলে বা খাওয়ার সময়ে উঠলে এমন কাউকে বসিয়ে যাবেন যাকে টাকা দিয়ে কেনা যাবে না। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, অধিকার রক্ষার জন্য এটুকু কষ্ট আপনাকে করতেই হবে।'

এখানেই শেষ নয় মমতা বিস্ফোরক অভিযোগ করে বলেন, 'আমার কাছে কাল দুপুর ১টা ৮ মিনিটে সংবাদমাধ্যম মারফত খবর পেয়েছি, BJP টাকা দিয়ে এগজিট পোল করিয়ে চাপ দিয়েছে ওটা প্রকাশ করতে।'

তিনি সবশেষে বলেন, 'দিদির প্রতি ভরসা রাখুন, আমরা বাংলায় মা-মাটি-মানুষের সরকারিই গড়ছিই।'

 

 

POST A COMMENT
Advertisement