মন্দিরে শুভেন্দু, গাড়িতে মমতা ভোটের সকালে ভবানীপুরে নজিরবিহীন চিত্র দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণত ভোটের দিন দুপুরে নিজের কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে ভোট দিতে যান পাড়ার মিত্র ইনস্টিটিউশন স্কুলের কেন্দ্রে, বুধবার দেখা গেল সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছেন। চেতলা এলাকা ঘুরে দেখলেন তিনি। অন্যদিকে, শুভেন্দু অধিকারী খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিলেন। আত্মবিশ্বাসের সুরে জানালেন, সব মানুষ ভোট দিচ্ছে BJP-কেই। পাশাপাশি সকাল সকাল ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সন্তুষ্ট শুভেন্দু
এদিন মন্দির থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, 'ভবানীপুরে সকলে BJP-কে ভোট করছেন। হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন।' পাশাপাশি তিনি জানান, ভোট শান্তিপূর্ণ হচ্ছে, নির্বাচন কমিশন সে ব্যবস্থা করেছে। একইসঙ্গে মমতার বুধ পরিদর্শন নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।'
রাতে ঘুমাননি মমতা
সকাল সকাল চেতলায় গাড়ি নিয়ে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বুথে সারা দিন তিনি ঘুরবেন বলে জানালেন। মমতার কথায়, ‘ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত!’ তিনি অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, 'মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম।'
ভয় দেখাতে চাইছে, বলছেন অভিষেক
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক অভিযোগ করেন নানা জায়গায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভোট করানো হচ্ছে। কমিশনকে তোপ দেগে অভিষেক জানান, দ্বিতীয় দফাতেই দফারফা হবে BJP। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'স্পেশাল অবজার্ভারের কি এক্তিয়ার রয়েছে বাড়ি বাড়ি গিয়ে রেইড করার? তাঁরা তো নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে। এসব করে কোনও লাভ হবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে।'