RG Kar Victim Father: 'মেয়ের ন্যায়বিচারের জন্য এই পথ বাছতে হল,' ভোট দিয়ে কেঁদে ফেললেন আরজি করের নির্যাতিতার বাবা, VIDEO

ভোট দিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরজি করের নির্যাতিতার বাবা। তাঁর স্ত্রী রত্না দেবনাথ পানিহাটি কেন্দ্রের BJP প্রার্থী। শেখররঞ্জন দেবনাথের বক্তব্য, 'মেয়ের ন্যায়বিচারের জন্য আমাদের এই পথ বেছে নিতে হল।'

Advertisement
'মেয়ের ন্যায়বিচারের জন্য এই পথ বাছতে হল,' ভোট দিয়ে কেঁদে ফেললেন আরজি করের নির্যাতিতার বাবা, VIDEOআরজি কর নির্যাতিতার বাবা ও মা
হাইলাইটস
  • কান্নায় ভেঙে পড়লেন আরজি করের নির্যাতিতার বাবা
  • 'মেয়ের ন্যায়বিচারের জন্য এই পথ বেছে নিতে হল'
  • জেতার বিষয়ে আশাবাদী রত্না দেবনাথ

বুধবার পানিহাটিতে ভোটাধিকার প্রয়োগ করে কান্নায় ভেঙে পড়লেন আরজি কর হাসপাতালে নিহত নির্যাতিতার বাবা। স্ত্রী রত্না দেবনাথ এই কেন্দ্রেরই BJP প্রার্থী। মেয়ের ন্যায়বিচারের দাবিতেই তাঁদের এই লড়াই বলে জানালেন শেখররঞ্জন দেবনাথ। 

ভোট দেওয়ার পর শেখররঞ্জন দেবনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'এটা খুবই দুঃখজনক, মেয়ের জন্য ন্যায়বিচার আনতে আমাদের এই পন্থা নিতে হল। তবে আমরা জিতবই আর মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনবই। আমরা জনগণের সঙ্গে রয়েছি।'

মহিলাদের জন্য নিরাপত্তা এবং মেয়ের ন্যায়বিচারের দাবিকে হাতিয়ার করেই গত প্রায় এক মাস ধরে নিজের প্রচার চালিয়েছেন রত্না দেবনাথ। বুধবার সকালেও তাঁর মুখে আত্মবিশ্বাসের সুর ছিল। তিনি বলেন, 'আমরা জিতবই। আমরা ন্যায়বিচার পাবই। মানুষ আমাদের পক্ষেই ভোট দেবেন।'

এদিকে, ভোটপ্রচারের শেষদিন পানিহাটি উত্তপ্ত হয়ে ওঠে। রত্না দেবনাথের একটি পথসভা চলাকালীন সেখান দিয়ে যাচ্ছিল CPIM-এর প্রচার টোটো। যা দেখে মঞ্চ থেকেই রত্না বলেন, 'CPIM এর যে টোটোটি যাচ্ছে, তাঁদের আমি ধিক্কার জানাই।' অভিযোগ, এরপরই টোটোতে থাকা শ্রীলেখা মুখোপাধ্যায় এবং তাঁর বাবাকে মারধর এবং হেনস্থা করে BJP কর্মী-সমর্থকরা। ছিড়ে দেওয়া হয় বামপ্রার্থী কলতান দাশগুপ্তের পোস্টার। এই মর্মে থানায় অভিযোগও দায়ের করেন শ্রীলেখা। রত্ন দেবনাথের অভিযোগ, CPIM তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক গান চালাচ্ছিল। ঘটনার রেশ এসে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়। 

POST A COMMENT
Advertisement