ফাইল ছবিপ্রবাসী বাঙালিদের আহ্বান ঘিরে আজ সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন এমন একদল প্রবাসী বাঙালি, যারা পশ্চিমবঙ্গে পরিবর্তন দেখতে চান।
শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, 'দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাঙালি ডায়াস্পোরার সঙ্গে বাংলার গভীর যোগ রয়েছে। তাঁরা বাংলায় বিনিয়োগ করতে চান এবং বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান। তাই এই নির্বাচনে তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন।' সম্মেলনে উপস্থিত ছিলেন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির সম্পাদক যুধাজিৎ সেন মজুমদারও।
যুধাজিৎ সেন মজুমদার তাঁর বক্তব্যে বলেন, 'এবারের নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়, বরং এক গুরুত্বপূর্ণ মোড়। তাঁর মতে, গত ৩৪ বছর এবং পরবর্তী ১৫ বছরে পশ্চিমবঙ্গের যে অবনতি হয়েছে, তাতে এবার পরিবর্তন না এলে রাজ্যের ভবিষ্যৎ আরও সঙ্কটে পড়বে।' তিনি বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী বাঙালিরা এই পরিবর্তন চান।'
তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক মর্যাদা যেমন বেড়েছে, তেমনই বাংলার অবস্থান অনেকটাই নীচে নেমে গেছে, এটাই তাঁদের দুঃখ। তাঁর মতে, এটাই সঠিক সময় কেন্দ্রের বিজেপি সরকারকে রাজ্যেও প্রতিষ্ঠা করার।
তিনি জানান, বিদেশে থাকা বহু বাঙালি এই রাজ্যে বিনিয়োগ, ব্যবসা ও কৃত্রিম মেধা নিয়ে কাজ করতে আগ্রহী। তবে বর্তমান পরিস্থিতিতে তারা আস্থা পাচ্ছেন না। তাই পরিবর্তন এখন অনিবার্য বলেই তিনি মন্তব্য করেন।